অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্নের মৃত্যু হয়েছে প্রায় চার বছর আগে। তবুও ক্রিকেট বিশ্বে আজও অমলিন তার স্মৃতি। তবে সবার চেয়ে হয়তো একটু বেশিই তাকে মনে করেন নিউজিল্যান্ডের লেগস্পিনার ইশ সোধি।
ওয়ার্নকে আদর্শ মানা সোধি এখনো প্রায়ই ভাবেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই স্পিনারের কথা। বিশেষ করে অস্ট্রেলিয়ান গ্রেটের জনপ্রিয় ‘ফ্লিপার’ ডেলিভারি রপ্ত করার চেষ্টায় থাকলে তার মনে পড়ে যায় ২০১০ সালের কথা; যখন রাজস্থান রয়্যালসে ওয়ার্নের কাছ থেকে সরাসরি শেখার সুযোগ পেয়েছিলেন তিনি।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি সোধি নিজের বোলিং অস্ত্রভাণ্ডারে নতুন কিছু যোগ করছেন নিয়মিত। তবুও মাঝে মাঝে ওয়ার্নের পুরোনো ফোন নম্বরে বার্তাও পাঠান তিনি। যদিও এখানে উত্তর পাওয়ার প্রত্যাশা নেই, শুধু এই বিশ্বাসে যে কোনো না কোনোভাবে হয়তো বার্তাটি পৌঁছে যাবে।
ইএসপিএনক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে সোধি জানান, তিনি এখন পুরোনো ঢঙের ফ্লিপার আয়ত্ত করার চেষ্টা করছেন; যেভাবে ওয়ার্ন তাকে শিখিয়েছিলেন।
সোধি বলেন, এটা এমন একটি বল, যেটা নিয়ে আমি বেশ কিছুদিন ধরে কাজ করছি; পুরোনো ধাঁচের ফ্লিপার, যেভাবে ওয়ার্নি শিখিয়েছিলেন। ছোটবেলায় ওয়ার্নিকে ফ্লিপার করতে দেখা ছিল আমার নেশার মতো। ক্যারিয়ারের শেষ কয়েক বছরে এসে আমি এটি একটু বেশি ব্যবহার শুরু করেছি। এটা আমার নিজস্ব সংস্করণ, যেখানে একটু দ্রুতগতিতে বল করা যায়।’
তিনি আরও বলেন, মাঝে মাঝে আমি ওয়ার্নিকে একটা মেসেজ পাঠাই, বিশেষ করে ফ্লিপারে উইকেট পেলে ভিডিওসহ লিখি, ওয়ার্নি, যদি এটা দেখতে! জানি, তিনি হয়তো মেসেজ পান না। তবে রাজস্থান রয়্যালসে তার সঙ্গে যেসব সময় কাটিয়েছি, তিনি আমাকে ফ্লিপার নিয়ে কয়েকটি কৌশল শিখিয়েছিলেন। তাই তিনি এটা দেখতে না পারাটা সত্যিই দুঃখের।
২০২২ সালের মার্চে থাইল্যান্ডে ছুটি কাটাতে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে ৫২ বছর বয়সে মারা যান ওয়ার্ন। তিনি প্রথম তিন আসরে আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন।
Leave a Reply