দুবাইয়ে বাড়িওয়ালা কি যখন খুশি ভাড়া বাড়াতে পারেন? এক বছরে একাধিকবার ভাড়া বাড়ানো কি বৈধ? এমন সব প্রশ্নের জবাবে ভাড়াবিষয়ক আইনের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে দুবাই কর্তৃপক্ষ।
প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, দুবাইয়ে ভাড়া বৃদ্ধির বিষয়টি ২০১৩ সালের ডিক্রি নং (৪৩) এবং ২০০৮ সালের আইন নং (৩৩) (যা ২০০৭ সালের আইন নং ২৬ সংশোধন করে) অনুযায়ী নিয়ন্ত্রিত। আইন অনুযায়ী, বাড়িওয়ালা শুধুমাত্র লিজ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ভাড়া বাড়াতে পারেন। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে- ভাড়া বৃদ্ধি সর্বোচ্চ ২০ শতাংশের বেশি হতে পারবে না।
ভাড়া বৃদ্ধি দুবাই ল্যান্ড ডিপার্টমেন্ট (ডিএলডি) নির্ধারিত সীমা এবং একই এলাকার অনুরূপ সম্পত্তির গড় ভাড়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। রিয়েল এস্টেট রেগুলেটরি এজেন্সি (রেরা) নির্ধারিত ভাড়া বৃদ্ধির মানদণ্ড, আমিরাতের অর্থনৈতিক অবস্থা, সম্পত্তির অবস্থা, একই এলাকার তুলনীয় সম্পত্তির বাজারমূল্য এবং প্রযোজ্য আইন বিবেচনায় নিতে হবে।
ভাড়া বাড়ানোর ইচ্ছা থাকলে চুক্তির মেয়াদ শেষ হওয়ার অন্তত ৯০ দিন আগে ভাড়াটিয়াকে লিখিতভাবে জানাতে হবে। যদি বাড়িওয়ালা ও ভাড়াটিয়া এ বিষয়ে সমঝোতায় পৌঁছাতে না পারেন, তবে সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল ন্যায্য ভাড়া নির্ধারণ করতে পারে।
এ ছাড়া, চুক্তির মেয়াদ যদি এক বছর হয়, তবে সেই এক বছরের মধ্যে একাধিকবার ভাড়া বাড়ানোর অধিকার বাড়িওয়ালার নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *