পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিন আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ছুটি এবং ইফতার ও সেহেরির চাহিদাকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন বাজারে মাছসহ নিত্যপণ্যের দামে চড়া ভাব দেখা গেছে। বিশেষ করে মাঝারি মানের বেশ কয়েকটি মাছের দাম আগের সপ্তাহের তুলনায় ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
রাজধানীর তালতলা, রামপুরা বাজার, বনশ্রী ‘এ’ ব্লক কাঁচাবাজারসহ একাধিক বাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে বাজারের এ চিত্র পাওয়া গেছে। সোনালি কক মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ৩৩০ টাকা ও সোনালি হাইব্রিড মুরগি কেজিতে ২০ টাকা বেড়ে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার কেজিতে ১০ টাকা বেড়ে ৩৩০ টাকা, সাদা লেয়ার ৩১০ টাকা, ব্রয়লার মুরগি ১৮৫ টাকা ও দেশি মুরগি ৬৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে মাঝারি আকারের রুই মাছ প্রতিকেজি ৩৪০ থেকে ৩৫০ টাকা এবং তেলাপিয়া ২১০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। রামপুরা কাঁচাবাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী মুহাম্মদ সাত্তার বলেন, রোজা শুরু হতেই বাজার যেন আরেক ধাপ ওপরে উঠে গেছে। গত সপ্তাহেও যে রুই মাছ ৩৫০ টাকায় কিনেছি, আজ সেটাই ৪০০ টাকার ওপরে। মুরগির দামও বেড়েছে। সংসারের বাজেট ঠিক রাখা কঠিন হয়ে যাচ্ছে।
বনশ্রী এলাকার বাসিন্দা আব্দুর রহমান বলেন, বাজারে এসে দেখি সবকিছুর দাম বাড়তি। ব্রয়লার মুরগি কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়ে গেছে। ডিমের দাম কিছুটা কম হলেও অন্য জিনিসের দাম বাড়তি। খরচ বেড়ে যাচ্ছে। আয় তো আর বাড়ছে না।
অবশ্য দাম বাড়ার পেছনে মৌসুমি চাহিদাকেই দায়ী করছেন বিক্রেতারা। তারা বলছেন, শীতের শেষ সময়, রোজা-বিয়ে, দাওয়াত, ইফতার মাহফিল- সব মিলিয়ে সোনালি মুরগির চাহিদা বেশি। খামার থেকেও দাম কিছুটা বাড়িয়ে দিচ্ছে। তাই আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
মাছ ব্যবসায়ীরা বলছেন, এখন নদীর দেশি মাছ কম। বেশির ভাগই চাষের মাছ। পরিবহন খরচ, বরফের দাম, সব মিলিয়ে পাইকারি বাজারেই দাম বেশি। আমরা খুব বেশি লাভ রাখছি না, কিন্তু পাইকারি দামের কারণে খুচরায় একটু বাড়তি পড়ছে।
তুলনামূলক ডিমের বাজার স্থিতিশীল। প্রতি ডজন ডিম ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহের সমান। ডিমের সরবরাহ ঠিক থাকায় আপাতত দাম বাড়েনি বলে জানান বিক্রেতারা।
এসব বাজারে শীতকালীন সবজি কেজিতে ১০ টাকা বেড়ে প্রকারভেদে ৫০ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারগুলোতে টমেটো ৬০ থেকে ৭০ টাকা, দেশি গাজর ৫০ থেকে ৬০ টাকা, মুলা ৪০ থেকে ৫০ টাকা, শালগম ৭০ টাকা, বড় সাইজের ফুল কপি প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, বাঁধা কপি ৪০ থেকে ৫০ টাকা এবং লাউ ৬০ থেকে ৮০ টাকা পিস বিক্রি হচ্ছে।
বাজারে গ্রীষ্মকালীন সবজি বরবটি ৯০ টাকা, বেগুন কেজিতে ৪০ টাকা বেড়ে প্রকারভেদে ১০০ থেকে ১৩০ টাকা, কচুর লতি ১০০ থেকে ১২০ টাকা, করলা কেজিতে ৮০ টাকা বেড়ে ১৬০ থেকে ২০০ টাকা, ঢেঁড়স ১৪০ টাকা, কচুরমুখী ১০০ থেকে ১২০ টাকা এবং ধুন্দল ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া বাজারে কাঁচামরিচের দাম কেজিতে ৪০ টাকা বেড়ে ১৪০ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা ১৬০ টাকা ও খিরাই ১০০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *