দেশের তফসিলভুক্ত ব্যাংকগুলোর তালিকায় থাকা স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.-এর নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.’ করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, মঙ্গলবার থেকে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এ বিষয়ে একই দিনে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি)-১ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং ১২৭)-এর ৩৭(২)(গ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে দেশের তফসিলভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.-এর নাম পরিবর্তন করে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. নির্ধারণ করা হয়েছে। ইংরেজিতে ব্যাংকটির নাম হবে Standard Islami Bank PLC.
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ স্বাক্ষর করেছেন। পাশাপাশি এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নাম পরিবর্তনের ফলে ব্যাংকটির আইনি সত্তা ও তফসিলভুক্ত অবস্থান অপরিবর্তিত থাকবে। তবে ভবিষ্যতে ব্যাংকটি ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর দেশের তফসিলি ব্যাংকগুলোর তালিকায় ‘স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড’-এর নাম পরিবর্তন করে ‘স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.’ করা হয়েছিল।
এদিকে আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকের অফিস ও গ্রাহক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।
সার্কুলার অনুযায়ী, রমজান মাসে ব্যাংকের গ্রাহক লেনদেন চলবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এতে আরও বলা হয়েছে, প্রতিদিন দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি থাকবে। তবে এ সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে বিকল্প ব্যবস্থায় গ্রাহক লেনদেন অব্যাহত রাখতে হবে।
বর্তমানে সাধারণ সময়ে ব্যাংকের লেনদেন চলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং অফিস সময় থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে প্রতি বছর পবিত্র রমজান মাস উপলক্ষে অফিস ও লেনদেনের সময়সূচি সংক্ষিপ্ত করে থাকে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক জানায়, রমজান মাস শেষ হলে ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পুনরায় আগের নিয়মে ফিরে যাবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে দেশে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *