টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩২ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ১৯০ রান করার পর যুক্তরাষ্ট্রকে ১৫৮ রানে গুঁড়িয়ে দিয়েছে সালমান আলি আগার দল। জয়ের ম্যাচে মাইলফলক স্পর্শ করেছেন তারকা পেসার শাহিন আফ্রিদি আর ওপেনিং ব্যাটার সাবিজাদা ফারহান।
জিও নিউজের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ ছিল শাহিনের শততম টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ। অন্যদিকে, এই ম্যাচেই টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ফারহান।
২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছিল শাহিনের। তিনি পাকিস্তানের সপ্তম খেলোয়াড় হিসেবে ১০০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেললেন।
পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড বাবর আজমের। তার খেলা ম্যাচ সংখ্যা ১৪১টি, যা শোয়েব মালিকের চেয়ে ১৮টি বেশি।
এদিকে, ওপেনার ফারহান যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪০ ইনিংসে ৯৬৯ রান নিয়ে মাঠে নামেন। ইনিংসের পঞ্চম ওভারের শেষ বলে মিলিন্দ কুমারের বিপক্ষে বিশাল এক ছক্কা মেরে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ফরম্যাটে তার হাজারতম রান পূর্ণ করেন। ম্যাচে ৪১ বলে ৭৩ রান করেন তিনি।
পাকিস্তানের দশম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ১,০০০ রান পূর্ণ করেছেন ফারহান। তিনি যোগ দিয়েছেন বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ও শহীদ আফ্রিদির মতো খেলোয়াড়দের ক্লাবে।