বিদায়ী জানুয়ারি মাসজুড়ে দেশে ৩১৭ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যা দেশের ইতিহাসে এক মাসে প্রবাসীদের পাঠানো তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এরমধ্যে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব থেকে।
এছাড়াও শীর্ষ ১০ দেশের মধ্যে আছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইতালি, ওমানসহ আরও কয়েকটি দেশ। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, বিদায়ী জানুয়ারির ৩১ দিনে সৌদি আরব থেকে সর্বোচ্চ ৪৭ কোটি ৪৩ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে ইউরোপের দেশ যুক্তরাজ্য থেকে, ৪৬ কোটি ৯৩ লাখ ডলার। আর সংযুক্ত আরব আমিরাত থেকে তৃতীয় সর্বোচ্চ ৪০ কোটি ৪৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
এদিকে বিদায়ী জানুয়ারিতে মালয়েশিয়া থেকে এসেছে ২৮ কোটি ২ লাখ ডলার রেমিট্যান্স। পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে ২৭ কোটি ৪৯ লাখ, ইতালি থেকে ১৮ কোটি ৮৩ লাখ, ওমান থেকে ১৮ কোটি ২০ লাখ, কুয়েত থেকে ১৬ কোটি ৮৭ লাখ, সিঙ্গাপুর থেকে ১৪ কোটি ১৪ লাখ এবং কাতার থেকে এসেছে ১৩ কোটি ৭৯ লাখ ডলার রেমিট্যান্স।
এছাড়াও গত মাসে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসা দেশগুলো হলো- দক্ষিণ আফ্রিকা, বাহরাইন, ফ্রান্স, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, জর্ডান, কানাডা, গ্রিস, পর্তুগাল, স্পেন, জার্মানি, মালদ্বীপ, জাপান, মরিশাস, পোল্যান্ড, ব্রুনাই, হংকং, আয়ারল্যান্ড, সুইডেন ও ইরাক।
Leave a Reply