নীতি সুদহার ১০ শতাংশ রেখেই চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ ৬ মাসের (জানুয়ারি-জুন) জন্য নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।
সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান, সরকার বাজেটে কাটছাঁট করার পরও ব্যাংকখাত থেকে ঋণের হার বেড়েছে। নতুন মুদ্রানীতিতে সরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি দশমিক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৮ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে।
তিনি জানান, রাজনৈতিক অস্থিরতা ও আস্থার অভাবে প্রত্যাশার তুলনায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন করে ডলার কেনার কথা জানিয়ে গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কেনা হয়েছে। গত এক বছরে ডলার কেনা হলেও রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হয়নি।