বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় ‘এপস্টেইন ফাইলস’। সম্প্রতি মার্কিন বিচার বিভাগ যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের তদন্তের নথিপত্রের একটি বড় অংশ জনসমক্ষে প্রকাশ করেছে। এই নথিতে উঠে এসেছে বিভিন্ন খ্যাতিমান ব্যক্তিদের নাম, যার মধ্যে ক্রীড়া জগতের মহাতারকাদের নামও রয়েছে।
ভারতের সংবাদমাধ্যম ‘দ্য উইক’ এক প্রতিবেদনে জানায়, এপস্টেইন ফাইলসে ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল ও গলফের বিখ্যাত খেলোয়াড়দের নাম পাওয়া গেছে। ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নামও রয়েছে ফাইলে। তবে এই তালিকায় তিনি ‘মোস্ট অ্যাডমায়ার্ড’ বা সবচেয়ে প্রশংসিত ব্যক্তিদের মধ্যে আছেন।
ফুটবল বিশ্বের অন্যতম সেরা তারকা আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির নামও এপস্টেইন ফাইলসে উঠে এসেছে। মেসিও ‘মোস্ট অ্যাডমায়ার্ড’ বিভাগে থাকায় তার প্রতি বিশেষ শ্রদ্ধা প্রদর্শিত হয়েছে। একই বিভাগে রয়েছে ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ও যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহামের নামও।
এপস্টেইন ফাইলসে রয়েছে বাস্কেটবল ও গলফের দুই কিংবদন্তি মাইকেল জর্ডান ও টাইগার উডসের নাম। একটি ইমেইল তালিকার মাধ্যমে নাম এসেছে টাইগার উডসের। আর মাইকেল জর্ডানের নাম এসেছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দেয়া ‘প্রেসিডেন্সিয়াল মেডেল’ সংক্রান্ত তথ্যের সূত্রে।
প্রসঙ্গত, এপস্টেইনের ফাইলে কারও নাম থাকলেও এর মাধ্যমে জেফ্রি এপস্টেইনের সঙ্গে তাদের কোনও ব্যক্তিগত বা অনৈতিক সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায়নি। ইমেইলটি মূলত জিউইশ নিউজ সিন্ডিকেটেরর সম্পাদকীয় দৃষ্টিভঙ্গি থেকে তৈরি একটি প্রতিবেদনের অংশ ছিল এবং তৎকালীন সময়ের সেলিব্রিটি অ্যাক্টিভিজম ঘিরে চলমান মিডিয়া বিতর্কের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে এপস্টেইনের যোগাযোগ ও নথি প্রকাশ পাওয়ায় তার সঙ্গে যুক্ত পুরোনো বার্তাগুলো নতুন করে পর্যালোচনায় এসেছে, আর সেখান থেকেই আবার আলোচনায় ফিরেছে এই ইমেইল। এভাবে, এপস্টেইন ফাইলস ক্রীড়া জগতের বড় বড় তারকাদের নিয়ে তদন্ত কর্মকর্তাদের নজরও এখানে রয়েছে।