সদ্য বিদায়ী জানুয়ারির ৩১ দিনে দেশে ৩১৭ কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যা দেশের ইতিহাসে এক মাসে প্রবাসীদের পাঠানো তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জানুয়ারি মাসে দেশে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ২৩ লাখ ডলার। যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ২ দশমিক ১৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স। অর্থাৎ, বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ৪৫ শতাংশ।
এর আগে গত বছরের ডিসেম্বরে দেশে ৩ দশমিক ২৩ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন প্রবাসীরা। যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। তারও আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চে দেশে এসেছিল ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলার রেমিট্যান্স। যা ছিল দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।
সবমিলিয়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে গত অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১৫ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।