অনেকেই আছেন যারা রাতে বা দিনে ঘুমালে নাক ডাকতে থাকেন। নিজের অজান্তেই নাক ডাকা শুরু হয় তাদের। এ কারণে পরিবারের সদস্য বা অন্য কেউ পাশে ঘুমাতে চান না সহজে। কোনো কারণে কেউ ঘুমালেও বিরক্ত প্রকাশ করে থাকেন। কেননা, নাক ডাকার কারণে পাশের মানুষের ঘুম ভেঙে যায়।
নাক ডাকার বিষয়টি অস্বাভাবিক ব্যাপার। এ ধরনের অভ্যাস থাকলে কখনো কখনো অজান্তেই ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। এ জন্য নাক ডাকার সমস্যা সমাধানে চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। তবে শুরুর দিকে যদি লক্ষ্য করা যায়, তাহলে নিজেই কিছু উপায় অবলম্বন করতে পারেন। এ ব্যাপারে ভারতীয় একটি সংবাদমাধ্যম একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাহলে সেখান থেকে জেনে নেয়া যাক।
নাক ডাকার কারণ:
সাধারণত নাকে মাংস বৃদ্ধি পেলে নাকের নালি ছোট হয়। এতে শ্বাসে বাধার সৃষ্টি হয়। ফলে নাক ডাকা শুরু হয়। আবার স্বাস্থ্য বেড়ে যাওয়ার সঙ্গে গলার চারপাশে চর্বি জমা হতে থাকে। এতে গলার পেশির নমনীয়তা কমে। তখনও নাক ডাকা শুরু হয়। যদি জন্মগত কারণে শ্বাসযন্ত্র সরু হয় বা চোয়ালে কোনো সমস্যা থাকে, তাহলেও নাক ডাকার সমস্যা হতে পারে।
এছাড়া ধূমপান, অতিরিক্ত মাদকদ্রব্য গ্রহণও নাক ডাকার কারণ হতে পারে। অনেকেরই থাইরয়েডের সমস্যা ও গ্রোথ হরমোনের আধিক্যজনিত রোগ থাকে, যা থেকে নাক ডাকা শুরু হয়। কেউ কেউ চিৎ হয়ে ঘুমানোর কারণে তাদের জিভ পেছনে চলে গিয়ে শ্বাসনালি বন্ধ হয়। তখন নাক ডাকা শুরু হয়।
নাক ডাকা থেকে মুক্তির উপায়:
শোয়ার ভঙ্গি পরিবর্তন: পাশ ফিরে ঘুমালে নাক ডাকার সমস্যা কমার সম্ভাবনা থাকে। বিশেষজ্ঞদের মতে, চিত হয়ে শোয়ার অভ্যাস বাদ দেয়ার জন্য কোমরের কাছে একটি টেনিস বল রাখতে পারেন। ঘুমের সময় অজান্তেই চিত হয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায়।
স্বাস্থ্য কমানো: অতিরিক্ত স্বাস্থ্য বেড়ে যাওয়া নাক ডাকার অন্যতম একটি কারণ। এ জন্য স্বাস্থ্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। এতে সমস্যা কমবে।
ধূমপান ও মাদক পরিহার: ধূমপান কিংবা অ্যালকোহল পানীয় জিভের পেশিগুলো শিথিল করে। ফলে শ্বাসনালি সংকুচিত হয়। এ থেকেও নাক ডাকার সমস্যা হতে পারে। এ জন্য এসব অভ্যাস পরিহার করা উচিত।
ভালো ঘুম: পর্যাপ্ত ও গভীর ঘুম না হলেও অনেক সময় নাক ডাকা শুরু হয়। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ঘুমাতে যাওয়া এবং নির্দিষ্ট সময় ওঠার অভ্যাস করুন। পর্যাপ্ত ও গভীর ঘুম সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় উপাদান।
পর্যাপ্ত পানি পান: ঘুমানোর আগে পর্যাপ্ত পরিমাণ পানি পান করে নিন। পানি শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সক্রিয় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি পানি পান নাক ডাকার সমস্যাও কমাতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *