বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদক দেশ ইরান। আর সেখানে প্রতিনিয়ত হামলার হুমকি দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চে পর্যায়ে পৌঁছেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ সময় ৮টা ৪ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৬১ ডলার বা ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭১ দশমিক ০১ ডলারে বিক্রি হচ্ছে, যা গত ১ আগস্টের পর থেকে সর্বোচ্চ। এতে চলতি জানুয়ারি মাসেই ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ১৬ শতাংশ, যা চার বছরের মধ্যে সবচেয়ে বড় মাসিক প্রবৃদ্ধি।
অন্যদিকে আমেরিকান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সেস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৫৪ ডলার বা ৪ শতাংশ বেড়ে ৬৫ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে, যা গত চার মাসের সর্বোচ্চ।
বিশ্লেষকরা বলছেন, ইরানে মার্কিন হামলা হলে মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কারণ ইরান একাই প্রতিদিন ৩ দশমিক ২ মিলিয়ন ব্যারেল তেল উৎপাদন করে, যা মার্কিন হামলার ফলে নিশ্চিতভাবেই বন্ধ হয়ে যাবে।
এদিকে একই কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামও নতুন ইতিহাস গড়েছে। প্রথমবারের মতো প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) স্পট মার্কেটে স্বর্ণের দাম ২ দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫ হাজার ৫৫৪ দশমিক ৭৬ ডলারে দাঁড়িয়েছে।
Leave a Reply