দেশের বাজারে আবারও স্বর্ণ ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্বর্ণের ভরিতে এক লাফে ১ হাজার ৫৭৪ টাকা এবং রুপার প্রতি ভরিতে ৩৫০ টাকা দাম বাড়ানো হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দর সোমবার (২৬ জানুয়ারি) থেকেই কার্যকর হবে।
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) দেশের বাজারে স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করেছিল বাজুস। ওইদিন ভরিপ্রতি স্বর্ণের দাম ৬ হাজার ২৯৯ টাকা ও রুপার প্রতি ভরিতে ৫২৫ টাকা দাম বাড়ানো হয়েছিল।
স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৫ হাজার ৫২৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৪১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৯১৯ টাকা।
অন্যদিকে রুপার নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) রুপার দাম পড়বে ৭ হাজার ২৩২ টাকা। যা দেশের ইতিহাসে এক ভরি রুপার সর্বোচ্চ দাম। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম পড়বে ৪ হাজার ৪৩২ টাকা।
এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ১৩ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যেখানে দাম ১০ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ৩ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এরমধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে মোট ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।
অন্যদিকে চলতি বছর দেশের বাজারে এ পর্যন্ত মোট ১০ বার রুপার দাম সমন্বয় করলো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যেখানে ৭ বারই দাম বাড়ানো হয়েছে। পাশাপাশি দাম কমানো হয়েছে ৩ বার। অন্যদিকে গত বছর দেশের বাজারে মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল রুপার দাম। এরমধ্যে ১০ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গত বছর ৩ বার কমানো হয়েছিল রুপার দাম।