বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিকভাবে বেরিয়ে যাওয়ার পর বাংলাদেশের স্বাস্থ্য খাতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, যুক্তরাষ্ট্রের তহবিল বন্ধ হয়ে যাওয়ায় ডব্লিউএইচওর কার্যক্রম সংকুচিত হলে বাংলাদেশের টিকাদান, রোগ নিয়ন্ত্রণ ও জরুরি জনস্বাস্থ্য ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে
এর আগে যুক্তরাষ্ট্র জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপি)সহ ৬৬টি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর হোয়াইট হাউসে প্রথম দিনেই ডব্লিউএইচও থেকে বেরিয়ে যাওয়ার নির্বাহী আদেশে সই করেন। প্রায় এক বছর আইনি প্রক্রিয়া শেষে গত সপ্তাহে তা কার্যকর হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মুশতাক হোসেন বলেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতে যেসব বড় সাফল্য এসেছে, তার অধিকাংশেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সদস্যপদ বাতিলের আগেই বাংলাদেশে ডব্লিউএইচওর কার্যক্রমে কাটছাঁট শুরু হয়েছে। এতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, ইমার্জেন্সি রেসপন্স ও ল্যাবরেটরি সাপোর্টে সংকট তৈরি হতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক বে-নজির আহমেদ বলেন, সম্ভাব্য সংকট মোকাবিলায় রাজনৈতিক দলগুলোর এখনই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত। যারাই ভবিষ্যতে সরকার গঠন করুক না কেন, স্বাস্থ্য খাতে বিকল্প অর্থায়ন ও অভ্যন্তরীণ বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা থাকতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা হিসেবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি এবং জাতীয় নীতিমালা প্রণয়নে দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসছে। গত কয়েক দশকে ম্যালেরিয়া, যক্ষ্মা, কালাজ্বর, ফাইলেরিয়া, পোলিওসহ বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ ও নির্মূলে সংস্থাটির কারিগরি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিশেষজ্ঞরা জানান, গত বছর প্রায় পাঁচ কোটি শিশুকে টাইফয়েডের টিকা দেয়ার কর্মসূচিতেও বড় ভূমিকা ছিল ডব্লিউএইচওর। একইভাবে এইচপিভি টিকা কর্মসূচি, কোভিড-১৯ মহামারির সময় ভ্যাকসিন সংগ্রহ এবং মহামারি মোকাবিলায় নীতিমালা তৈরিতেও সংস্থাটি সহায়তা দিয়েছে।
ডব্লিউএইচওর প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসাস আগেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সদস্যপদ বাতিল করায় সংস্থাটি বড় ধরনের তহবিল সংকটে পড়বে এবং এর ফলে কিছু কার্যক্রম ইতোমধ্যেই বন্ধ করা হয়েছে।
বিশ্লেষকদের আশঙ্কা, তহবিল সংকটে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ও রোগ গবেষণার কার্যক্রম ক্ষতিগ্রস্ত হলে নির্মূল হওয়া বা নিয়ন্ত্রণে থাকা রোগগুলো ফের ফিরে আসার ঝুঁকি তৈরি হতে পারে।
তবে যুক্তরাষ্ট্র জানিয়েছে, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের স্বাস্থ্যসেবায় সহায়তা অব্যাহত থাকবে এবং রোগ পর্যবেক্ষণ ও প্রাদুর্ভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *