মোবাইল ফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। কাজ, যোগাযোগ, বিনোদন সবকিছুতেই এই ছোট ডিভাইসের ওপর নির্ভরতা বেড়েই চলেছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে একটি প্রশ্নও বারবার ঘুরে ফিরে আসে অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার কি ব্রেন ক্যানসারের কারণ হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে সেই গবেষণার গুরুত্বপূর্ণ তথ্য, যা অনেকের দুশ্চিন্তা দূর করতে পারে।
গবেষণার স্পষ্ট বার্তা
বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষকদের মতে, মোবাইল ফোন ব্যবহারের সঙ্গে ব্রেন ক্যানসারের সরাসরি কোনো সম্পর্ক পাওয়া যায়নি। এমনকি দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করলেও ব্রেন ক্যানসারের ঝুঁকি বেড়ে যায় এমন প্রমাণও মেলেনি।
এই গবেষণার নেতৃত্ব দেয় অস্ট্রেলিয়ান রেডিয়েশন প্রোটেকশন অ্যান্ড নিউক্লিয়ার সেফটি এজেন্সি। পাঁচ হাজারেরও বেশি কেস বিশ্লেষণ করে সংস্থাটির প্রধান গবেষক কেন ক্যারিপিডিস জানান, আমাদের পর্যালোচনায় দেখা গেছে, মোবাইল ফোন ব্যবহারের কারণে মস্তিষ্ক কিংবা মাথা ও ঘাড়ের ক্যানসারের ঝুঁকি বাড়ে না।
গবেষকদের আরেকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ হলো গত কয়েক দশকে মোবাইল ফোন ও অন্যান্য আধুনিক প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। কিন্তু সেই তুলনায় ব্রেন ক্যানসারের হার উল্লেখযোগ্যভাবে বাড়েনি; বরং অনেক ক্ষেত্রে তা স্থিতিশীল রয়েছে
রেডিও তরঙ্গ নিয়ে ভয় কেন?
অনেকের ধারণা, মোবাইল ফোন থেকে নির্গত রেডিও-ফ্রিকোয়েন্সি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন শরীরের জন্য ক্ষতিকর। এই আশঙ্কার কারণেই ২০১১ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসার রেডিও ফ্রিকোয়েন্সিকে “সম্ভাব্য কার্সিনোজেন” হিসেবে চিহ্নিত করেছিল।
তবে পরবর্তী গবেষণাগুলোতে দেখা যায়, যারা টানা ১০ বছর বা তারও বেশি সময় ধরে মোবাইল ফোন ব্যবহার করেছেন, তাদের মধ্যেও ক্যানসারের ঝুঁকি বাড়ার মতো স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
এই পর্যালোচনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন বিজ্ঞানীরা। কারণ, দীর্ঘদিন ধরেই মোবাইল ফোন ও বেতার প্রযুক্তির স্বাস্থ্যঝুঁকি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় ও বিভ্রান্তি রয়েছে। নতুন এই গবেষণা সেই ভ্রান্ত ধারণা ভাঙতে সহায়ক বলে মনে করছেন তারা। বর্তমান বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী, মোবাইল ফোন ব্যবহারের কারণে ব্রেন ক্যানসারের ঝুঁকি তৈরি হয় এমন কোনও প্রমাণ নেই। তবে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য অতিরিক্ত স্ক্রিন টাইম কমানো, চোখ ও মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেয়া সব সময়ই জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *