সঠিকভাবে দাঁত প্রতিস্থাপন, সুন্দর হাসি-সুস্থ জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির উদ্যোগে বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস ২০২৬ উদযাপন এবং নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার একটি তারকা খচিত রেস্টুরেন্টে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ডেন্টাল চিকিৎসার বিশেষায়িত শাখা প্রস্থোডন্টিকসের দুই শতাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও আমন্ত্রিত অতিথি অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র‍্যালি আয়োজন করা হয়। পরে শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক ডা. মো. আলমগীর কবীর। এরপর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মুহাম্মদ মাহফুজুর রহমান বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবসের তাৎপর্য তুলে ধরেন। সংগঠনের কার্যপরিধি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. মো. মাসুদুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ডেন্টাল সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক। মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. এ. টি. এম. সাইফুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন ডা. সাখাওয়াত হোসেন সায়ন্ত, বাংলাদেশ ডেন্টাল সোসাইটির ভারপ্রাপ্ত মহাসচিব ডা. আব্দুল্লাহ আল মামুন এবং সাংগঠনিক সম্পাদক (ঢাকা) ডা. কামরুল হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রস্থোডন্টিক সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আবু তৈয়ব মো. আহসান উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ডা. আতিক মাহমুদ।
বক্তারা বলেন, নবনির্বাচিত কার্যকরী কমিটির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে প্রস্থোডন্টিকস শাখার উন্নয়ন ত্বরান্বিত হবে। পাশাপাশি ডেন্টাল চিকিৎসার অন্যান্য বিশেষায়িত শাখার সঙ্গে কার্যকর সমন্বয়ের মাধ্যমে মুখ ও দাঁতের আধুনিক ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রয়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ ধরনের আয়োজন দেশের সাধারণ মানুষের মুখ ও দাঁতের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *