বছর দেড়েক আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন শোয়েব মালিক। এবার পাকিস্তান সুপার লিগকেও (পিএসএল) বিদায় বলে দিলেন তিনি। তবে এখনই যে পুরোপুরি পেশাদার ক্রিকেট ছাড়ছেন না সেই ইঙ্গিত দিয়ে রেখে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই তারকা অলরাউন্ডার।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পিএসএল থেকে অবসরের ঘোষণা দেন ৪৩ বছর বয়সী মালিক। ফ্র্যাঞ্চাইজি লিগটির গত ১০ আসরে খেলা পাকিস্তান জাতীয় দলের সাবেক অধিনায়ক বলেছেন, অবসর নিলেও ক্রিকেটের প্রতি তার ‘উৎসাহ ও প্রেরণা’ সবসময়ই থাকবে।
অবসরের ঘোষণায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেয়া ছোট একটি পোস্টে শোয়েব মালিক লিখেছেন, ‘পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০ বছরজুড়ে মাঠে ও মাঠের বাইরে গড়ে ওঠা প্রতিটি ছোট মুহূর্ত এবং বন্ধুত্বের স্মৃতিই আমি লালন করি। এবার বিদায় বলার সময় হয়েছে।
পিএসএলে খেলা ছাড়লেও ভিন্ন ভূমিকায় ক্রিকেটের সঙ্গে দেখা যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মালিক। তিনি বলেছেন, ‘ক্রিকেটকে আরও উন্নতির জায়গায় নিতে আমার আবেগ এবং প্রেরণা সব সময়ই থাকবে। ধন্যবাদ পিএসএল।’
পিএসএলের ১০ বছরের ক্যারিয়ারে শোয়েব করাচি কিংস, মুলতান সুলতানস, পেশাওয়ার জালমি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটরসের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এই ফ্র্যাঞ্চাইজি লিগে মোট ৯৩টি ম্যাচে তার রান ২,৩৫০। তার গড় রান ৩৩.০৯ এবং স্ট্রাইক রেট ১২৭.৭৮। পাশাপাশি ১৫টি হাফ-সেঞ্চুরিও তার নামের পাশে রয়েছে। এ ছাড়া বল হাতে নিয়েছেন ১৭ উইকেট।
শোয়েব মালিক এমন সময়ে পিএসএলকে বিদায় বলেছেন, যখন টুর্নামেন্টটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। নতুন করে এবার হায়দরাবাদ ও শিয়ালকোট থেকে দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে। এরপর থেকেই নিলাম পদ্ধতি চালুর বিষয়টি আলোচনায় আসে পিএসএলে। যদিও পুরোনো ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পুরোনো তারকাদের ধরে রাখতে চায়। সে কারণে আগের মতোই প্লেয়ার্স ড্রাফটের দাবি তোলে তারা।
পরবর্তীতে পিসিবি জানায়, উভয়ের দাবির প্রেক্ষিতে ‘ড্রাকশন’ (ড্রাফট+অকশন) চালু করা হবে। যেখানে পুরোনো দলগুলো কিছু খেলোয়াড় ধরে রাখার সুযোগ পাবে, আবার নতুন দলগুলোও নিলামের মাধ্যমে বড় তারকা টানার সুযোগ পাবে। অবশ্য তিনদিন বাদেই কেবল নিলাম হবে বলে জানানো হয়। ১১তম আসরটি চলবে ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত। এই আসরে মোট ৮টি দল অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় শোয়েব মালিকের অধিনায়কত্বে একাধিকার শিরোপা জিতেছে সিয়ালকোট স্ট্যালিয়ন্স। এবার তারা পিএসএলেও ফ্র্যাঞ্চাইজি নিয়েছে, সেখানে মালিককে কোচিং বা অন্য কোনো ভূমিকায় দেখা যাওয়ারও সম্ভাবনা রয়েছে। পিএসএলের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয় লাহোর কালান্দার্স।
Leave a Reply