ঝালকাঠিতে নিখোঁজের কয়েক ঘণ্টা পর সুগন্ধা নদীর পাড় থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর নাম নিলুফা ইয়াসমিন (৫৫)। তিনি শুকুর মিয়ার স্ত্রী এবং ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট নতুন চর এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক ১১টার দিকে নিলুফা ইয়াসমিন নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
পরদিন বুধবার ভোর আনুমানিক ৬টার দিকে সুগন্ধা নদীর পাড়ে ঘাটলার পাশে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
খবর পেয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ঝালকাঠি সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply