ভারতের বিপক্ষে ৩-১ গোলের জয় দিয়ে সাফ উইমেন’স ফুটসাল চ্যাম্পিয়নশিপ শুরু করেছিল বাংলাদেশ। যদিও দ্বিতীয় ম্যাচে ভুটানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে ধাক্কা খায় সাবিনা খাতুন বাহিনী। তৃতীয় ম্যাচে আবারও জয়ের ধারায় ফিরল বাঘিনীরা। ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেপালকে।
থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে সোমবার (১৯ জানুয়ারি) নেপালকে হারিয়ে বাংলাদেশ ৭ পয়েন্ট নিয়ে ফিরেছে শিরোপা লড়াইয়ে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হওয়া এই প্রতিযোগিতায় বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে সাঈদ খোদারাহমির দল।
নেপালের বিপক্ষে প্রথমার্ধের ত্রয়োদশ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। অনিতার কাছ থেকে বল কেড়ে নিয়ে কৃষ্ণা রানী সরকার ছোট পাস বাড়ান সাবিনাকে। নিখুঁত শটে প্রতিপক্ষের জালে বল জড়ান বাংলাদেশ অধিনায়ক।
বিরতির পর বাংলাদেশের ব্যবধান একক নৈপুণ্যে দ্বিগুণ করেন কৃষ্ণা। সতীর্থের থেকে পাস পেয়ে প্রতিপক্ষের একজনকে ‘নাটমেগ’ করে বেরিয়ে নেপালের জাল কাঁপান এই ফরোয়ার্ড। এরপর লিপি আক্তারের গোলে বড় জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে বাংলাদেশ।
সাফ নারী ও পুরুষ ফুটসালে সাত দল অংশগ্রহণ করছে। ৬ ম্যাচ শেষে শীর্ষ পয়েন্টধারী দল চ্যাম্পিয়ন হবে। বাংলাদেশ পুরুষ ফুটসাল দল তিন ম্যাচে চার পয়েন্ট পেয়ে খুব একটা ভালো অবস্থায় নেই। মঙ্গলবার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তার পরের দিন (বুধবার) শ্রীলঙ্কার বিপক্ষেই খেলবে বাংলাদেশ নারী ফুটসাল দল।
Leave a Reply