অসদাচরণের দায়ে ক্যামেরুন ফুটবল ফেডারেশনের প্রধান ও বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার সামুয়েল ইতোকে ৪ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)। পাশাপাশি সাবেক এই ফরোয়ার্ডকে ২০ হাজার ডলার জরিমানা করেছে সিএএফ-এর ডিসিপ্লিনারি কমিটি।
সামুয়েল ইতোকে দেয়া এই শাস্তিকে অবশ্য অযৌক্তিক বলছে ক্যামেরুন ফুটবল ফেডারেশন। তবে এর বিরুদ্ধে আপিল করবে বলেও জানিয়েছে দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।
গত শুক্রবার (৯ জানুয়ারি) আফ্রিকা কাপ অব নেশন্সের (আফকন) কোয়ার্টার ফাইনালে স্বাগতিক মরক্কোর বিপক্ষে ২-০ গোলে হেরে যায় ক্যামেরুন। এ ম্যাচ চলাকালেই রেফারির নানা সিদ্ধান্ত নিয়ে সিএএফের প্রেসিডেন্টের সামনেই ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় সামুয়েল ইতোকে।
ওই সময় মাঠে উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয়। হাতাহাতিতে জড়াতে দেখা যায় দুই দলের খেলোয়াড়দের। পরে রোববার (১১ জানুয়ারি) ওই ঘটনার তদন্ত শুরু করার কথা জানায় সিএএফ। সেই ধারাবাহিকতায় নিষেধাজ্ঞার কবলে পড়লেন ৪৪ বছর বয়সী সামুয়েল ইতো।
ইতোমধ্যে আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো ও সেনেগাল। সেমিফাইনালের ম্যাচে ইয়াসিন বুনোর বীরত্বে নাইজেরিয়ার বিপক্ষে টাইব্রেকারে ৪-২ গোলে জয় পেয়েছে মরক্কো। মূল ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর অতিরিক্ত সময়েও দুদল গোল করতে ব্যর্থ হয়।
এদিকে আরেক সেমিফাইনালে সাদিও মানের একমাত্র গোলে মোহাম্মদ সালাহ’র মিশরকে ১-০ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সেনেগাল। আগামী রোববার (১৮ জানুয়ারি) টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে দুই দল।
Leave a Reply