বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে এখনও অনড় ক্রিকেটাররা। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন জানিয়েছেন, তিনি পদত্যাগ না করলে ক্রিকেটাররা মাঠে নামবেন না। এ ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে খেলা বয়কটের পর্যায়ে আসার পেছনে ৫টি কারণ উল্লেখ করেছে কোয়াব। এগুলো হল- ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের চলমান সংকট সমাধান, নারী ক্রিকেটারদের যৌন হয়রানি অভিযোগ নিষ্পত্তি ও তাদের সুযোগ–সুবিধা বৃদ্ধি, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগ ও বিপিএল থেকে অঘোষিত নিষেধাজ্ঞা দেয়া ৯ ক্রিকেটারকে বাদ দেয়ার কারণ বিসিবিকে স্পষ্ট করে ব্যাখ্যা করা।
সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মিঠুন বলেন, ‘মাঠে যাব একটাই শর্তে, বিসিবি থেকে এসে যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে।’ এ সময়য় তার পাশে ছিলেন বাংলাদেশের তিন সংস্করণের তিন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ ও লিটন দাস।
ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়, বিকেলের মধ্যে যদি বোর্ডের পক্ষ থেকে এই শর্ত মেনে নেয়া হয়, তাহলে সন্ধ্যায়ই তারা ম্যাচ খেলতে নামবেন। কিন্তু সংবাদ সম্মেলন শেষ হওয়ার একটু পরই নাজমুলকে বিসিবির সব দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। কিন্তু দ্বিতীয় ম্যাচ মাঠে না গড়ানোয় বিপিএলের বাকি অংশ অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয় আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড।
তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে গতকাল অনুষ্ঠিত বিসিবির দোয়া ও মিলাদ মাহফিল শেষে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবির অর্থ কমিটির প্রধান ও বোর্ড পরিচালক এম নাজমুল ইসলাম। এর আগে, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলেও বিতর্কের জন্ম দেন এই পরিচালক।
টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি বিসিবি পুষিয়ে দেওয়ার বিষয়টি ভাববে কি না, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাইছি নাকি!
আরেক প্রশ্নে তিনি এমনও মন্তব্য করেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারোনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।
নাজমুলের এই মন্তব্যের পর গতকাল জুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন, তাকে পদত্যাগের আলটিমেটাম দেন। যার রেস এখনও চলছে।
Leave a Reply