বিপিএলের ১৩তম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বল হাতে আগুন ছড়িয়েছেন নাসুম আহমেদ। মাত্র ৭ রান দিয়ে প্রতিপক্ষের ৫টি উইকেট তুলে নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। তাতে সিলেট টাইটানসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারের ৩৪ বল বাকি থাকতেই ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালী।
নাসুমের এই বোলিং বিপিএল ইতিহাসে ফাহিম আশরাফের সঙ্গে যৌথভাবে চতুর্থ সেরা। গত মৌসুমে সিলেটের ফ্র্যাঞ্চাইজির বিপক্ষে ৭ রানে ৫ উইকেট পান ফরচুন বরিশালের হয়ে খেলা এই পাকিস্তানি পেসার।
বিপিএল ইতিহাসে সেরা বোলিংয়ের রেকর্ড তাসকিন আহমেদের। গত আসরে ঢাকার বিপক্ষে ১৯ রানের বিনিময়ে ৭ উইকেট নিয়েছিলেন রাজশাহীর এই পেসার। দ্বিতীয় সেরা বোলিং পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরের। ২০২০ সালে খুলনার হয়ে ১৭ রানে ৬ উইকেট নেন তিনি। তৃতীয় সেরা বোলিংও এক পাকিস্তানের। ২০১২ সালে রাজশাহীর হয়ে ৬ রানে ৫ উইকেট শিকার করেন তিনি।
নাসুমের তোপে পড়ে নোয়াখালীর মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পেরেছেন। ১৬ বলে ১৮ রান করেন হাবিবুর রহমান সোহান। ৩২ বলে দলীয় সর্বোচ্চ ২৫ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। নাসুম ছাড়া একটি করে উইকেট নেন আমির, খালেদ আহমেদ, আজমাতুল্লাহ ওমারজাই ও মেহেদী হাসান মিরাজ।
অন্যদিকে, বিপিএলে সর্বনিম্ন দলীয় রানের তালিকায় চারে নোয়াখালীর ৬১ রান। ২০১৯ সালে রংপুরের বিপক্ষে কুমিল্লার ৬৩ রানের পর এই প্রতিযোগিতায় এটাই সর্বনিম্ন দলীয় রান। ৪৪ রান করে সর্বনিম্ন রানের লজ্জা খুলনার, ২০১৬ সালে রংপুরের বিপক্ষে।
Leave a Reply