বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :

টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় চমক থাকছে অস্ট্রেলিয়া দলে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৪ বার

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে অস্ট্রেলিয়ার প্রাথমিক স্কোয়াডে থাকছে বড় চমক। দীর্ঘদিন চোটের সঙ্গে লড়াই করলেও প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও টিম ডেভিডকে ১৫ সদস্যের প্রাথমিক দলে রাখার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।
সবচেয়ে বেশি আলোচনা প্যাট কামিন্সকে ঘিরে। গত জুলাইয়ে পিঠের নিচের অংশে চোট পাওয়ার পর থেকে এই পেসার মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। অল্প প্রস্তুতি নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেড টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেও ঝুঁকি এড়াতে তাকে সিরিজের বাকি অংশে বিশ্রামে রাখা হয়।
মূলত, অ্যাশেজ সিরিজ জিতে যাওয়ায় কামিন্সকে পরের দুই টেস্ট ম্যাচে রাখার ঝুঁকি নিতে চায়নি অস্ট্রেলিয়া। অবশ্য বিশ্বকাপে তার খেলা এখনো নিশ্চিত নয়। কামিন্স টুর্নামেন্টে খেলতে পারবেন কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে চার সপ্তাহের মধ্যে তার পিঠের আরেকটি স্ক্যান করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
বিশ্বকাপের জন্য আগামী ২ জানুয়ারি ১৫ জনের দল ঘোষণার সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানিয়েছেন যে, এই দলে কামিন্সকে রাখা হবে। তবে ক্যারিবিয়ানরা দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত গত বিশ্বকাপের পর থেকে কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি তিনি।
ম্যাকডোনাল্ড বলেন, ‘প্যাটের চার সপ্তাহ পর আরেকটি স্ক্যান করানো হবে। তারপর জানা যাবে বিশ্বকাপের জন্য সে বর্তমানে কোন অবস্থায় আছে। তাকে ১৫ জনের দলে রাখা হবে এবং এরপর আমরা তার শারীরিক অবস্থার আসল তথ্য জানব।’
চলতি মৌসুমের শুরুতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং করা জশ হ্যাজেলউড হ্যামস্ট্রিং ও অ্যাকিলিস ইনজুরির কারণে পুরো অ্যাশেজ সিরিজ থেকে ছিটকে গেছেন। তবে টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, সময়মতো ফিট হয়ে তিনি বিশ্বকাপে দলের বোলিং আক্রমণে বড় ভূমিকা রাখতে পারবেন।
চমকের তালিকায় আছেন মিডল অর্ডারের অন্যতম ভরসা টিম ডেভিডও। বক্সিং ডেতে বিগ ব্যাশে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। সোমবার তার স্ক্যান করার কথা ছিল। ধারণা করা হচ্ছে এটি আইপিএলে পাওয়া আগের চোটের মতো গুরুতর নয়, যেটা তাকে দুই মাসের জন্য মাঠের বাইরে পাঠিয়েছিল।
তবে ম্যাকডোনাল্ড আত্মবিশ্বাসী যে, তিনি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন। তিনি বলেন, ‘এটি পেশির টান নাকি টেন্ডনের সমস্যা তা নিশ্চিত না, স্ক্যানের পর জানা যাবে। আমার মনে হয় হাতে থাকা সময় টিম ডেভিডের সুস্থতার জন্য যথেষ্ট হবে। ইনজুরি যাই হোক, সে ফিট হয়ে যাবে।
বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি এবং গ্রুপ পর্বে তাদের প্রথম দুই ম্যাচের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ ফেব্রুয়ারির আগে তাদের কোনো বড় ম্যাচ নেই। তাই প্রয়োজনে চোট থেকে ফেরা খেলোয়াড়দের বাড়তি সময় দেয়ার সুযোগও থাকছে।
এদিকে, বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে জানুয়ারির শেষ দিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এই সিরিজে অংশ নেয়া খেলোয়াড়দের কেউ কেউ বিগ ব্যাশ লিগের ফাইনাল পর্ব মিস করতে পারেন, এটিও স্কোয়াড ঘোষণার আরেকটি উল্লেখযোগ্য দিক।
সব মিলিয়ে, চোট-শঙ্কা উপেক্ষা করে অভিজ্ঞ তারকাদের ওপর আস্থা রাখাই অস্ট্রেলিয়ার প্রাথমিক বিশ্বকাপ দলে সবচেয়ে বড় চমক।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories