প্রায় এক যুগ পর চলতি বছর রঞ্জি ট্রফিতে ফেরার সময়ই প্রমাণ হয়েছিল, বিরাট কোহলির উপস্থিতি মানেই বাড়তি উন্মাদনা। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তার প্রত্যাবর্তনের ম্যাচে গ্যালারিতে তিল ধারণের জায়গা ছিল না। এবার আরও এক ঐতিহ্যবাহী ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে ট্রফিতে দীর্ঘ ১৬ বছর পর মাঠে নামতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের এই মহাতারকা।
৫০ ওভারের এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্ম নিয়েই ফিরছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে তিন ম্যাচের দুটিতেই সেঞ্চুরি করে নিজের ছন্দের জানান দিয়েছেন তিনি। আজ বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দিল্লির হয়ে অন্ধ্রপ্রদেশের বিপক্ষে মাঠে নামবেন কোহলি। তবে ম্যাচটি অনুষ্ঠিত হবে দর্শকবিহীন স্টেডিয়ামে।
এই ম্যাচেই বড় এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে আছেন কোহলি। আজ মাত্র ১ রান করলেই লিস্ট ‘এ’ ক্রিকেটে তার রানসংখ্যা পৌঁছে যাবে ১৬ হাজারে। শচীন টেন্ডুলকারের পর দ্বিতীয় ভারতীয় এবং সব মিলিয়ে নবম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়বেন কোহলি। উল্লেখ্য, ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিকও তিনিই।
লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ইংল্যান্ডের সাবেক অধিনায়ক গ্রাহাম গুচ। ৬১৩ ম্যাচে তার রান ২২ হাজার ২১৬। দ্বিতীয় স্থানে থাকা গ্রায়েম হিক ৬৫১ ম্যাচে করেছেন ২২ হাজার ৫৯ রান, আর ৫৫১ ম্যাচে ২১ হাজার ৯৯৯ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন শচীন টেন্ডুলকার।
২০০৬ সালের ১৮ ফেব্রুয়ারি কোহলির লিস্ট ‘এ’ অভিষেক হয়। দিল্লিতে রঞ্জি ট্রফির ওয়ানডে টুর্নামেন্টে দিল্লির হয়ে সার্ভিসেসের বিপক্ষে সেই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। এরপর দিল্লির হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৬ ম্যাচ খেলে ৯১০ রান করেছেন কোহলি, যেখানে রয়েছে চারটি সেঞ্চুরি। বিজয় হাজারে ট্রফিতে সর্বশেষ তিনি খেলেছিলেন ২০১০ সালের ফেব্রুয়ারিতে।
দীর্ঘ বিরতির পর ঘরোয়া ৫০ ওভারের মঞ্চে কোহলির এই প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি আগ্রহের উপলক্ষ হয়ে থাকল।