জয় দিয়ে বছর শেষ করার তৃপ্তি উবে যাওয়ার শঙ্কায় লিভারপুল। ম্যাচের মাঝপথে মাঠ ছাড়া আলেসান্দার ইসাকের চোটের প্রকৃত অবস্থা জানতে উদ্বেগ নিয়ে অপেক্ষায় ইংলিশ চ্যাম্পিয়নরা।
শনিবার (২০ ডিসেম্বর) ৯ জনের টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জেতে লিভারপুল। শুরুর একাদশে ছিলেন না ইসাক। কনর ব্রাডলির চোটে বিরতির পর মাঠে নামেন তিনি।
৫৬তম মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন ইসাক। তবে এই গোলের জন্য শট নেওয়ার সময় স্পার্স ডিফেন্ডার মিকি ফন ডে ফেনের চ্যালেঞ্জে আঘাত পান তিনি। তাই উদযাপনও করতে পারেননি।
এই ডাচ ডিফেন্ডার পেছন থেকে গতিশীল ভঙ্গিমায় স্লাইড করলে ইসাকের পা অস্বস্তিকরভাবে আটকে যায়। চিকিৎসা নেওয়ার পর দুই জনের কাঁধে ভর দিয়ে মাঠ ছাড়েন সুইডিশ স্ট্রাইকার।
দ্য অ্যাথলেটিক জানিয়েছে, লিভারপুল মনে করছে ইসাকের চোট ‘গুরুতর’ এবং তার পা ভেঙে যেতে পারে। এখনও তার এমআরআই স্ক্যান করা হয়নি, যা তার মাঠের বাইরে থাকার সময়কাল নির্ধারণ করবে, তবে প্রাথমিক লক্ষণ মোটেও আশাব্যঞ্জক নয়।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে ইসাকের চোট নিয়ে প্রশ্ন করা হলে স্লট বলেন, ‘তার বিষয়ে আমার কাছে কোনো খবর নেই। তবে যদি কোনো খেলোয়াড় গোল করে তারপর চোট পেয়ে মাঠে ফিরে আসার চেষ্টাও না করে—যেমনটা কনর ব্র্যাডলি চেষ্টা করেছিল, যদিও তাকেও নামানো সম্ভব হয়নি, কিন্তু যদি কেউ একেবারেই ফেরার চেষ্টা না করে, সাধারণত সেটা ভালো লক্ষণ নয়। এটা শুধু আমার অনুভূতি, চিকিৎসাগত কোনো মন্তব্য নয়। এখনও তার সঙ্গে কথা হয়নি।
গত দলবদলের ডেডলাইন ডে’তে নিউক্যাসল থেকে ১২৫ মিলিয়ন পাউন্ডে ইসাক লিভারপুলে আসার পর এই গোলটি ছিল প্রিমিয়ার লিগে তার মাত্র দ্বিতীয় গোল। এর আগে তার একমাত্র গোলটি এসেছিল ৩০ নভেম্বর ওয়েস্ট হ্যামের বিপক্ষে ১-০ জয়ে।
এই মৌসুম জুড়েই স্লট শুরুর একাদশে ইসাককে ঘুরিয়ে-ফিরিয়ে খেলিয়েছেন, কারণ গ্রীষ্মকালীন দলবদলে দলে আসা আরেক স্ট্রাইকার হুগো একিতিকে নয় নম্বর পজিশনে তার সঙ্গে সময় ভাগ করে নিয়েছেন। ইসাকের বিপরীতে একিতিকে এখন পর্যন্ত অ্যানফিল্ডে বেশ সফল, সব প্রতিযোগিতা মিলিয়ে এরই মধ্যে লিভারপুলের হয়ে ১০ গোল করেছেন। স্পার্সের বিপক্ষে লিভারপুলের দ্বিতীয় গোলটিও করেন তিনি। ফ্রিম্পংয়ের ডিফ্লেক্টেড ক্রস থেকে ক্রিস্টিয়ান রোমেরোর ওপর দিয়ে লাফিয়ে হেডে বল জালে পাঠান।
এদিকে তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ বর্তমানে মিশরের হয়ে আফ্রিকা কাপ অব নেশনসে ব্যস্ত। পাশাপাশি জানুয়ারিতে হার্ভে এলিয়টের ক্লাবে ফেরার সম্ভাবনা নিয়েও জল্পনা বাড়ছে, কারণ অ্যাস্টন ভিলায় ধারে গিয়ে তিনি তেমন প্রভাব ফেলতে পারেননি।