ঘরের মাঠে আগুনে ফর্মে আছেন ট্রাভিস হেড। অ্যাডিলেড টেস্টের প্রথম ইনিংসে রান না পেলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে রানের ফোয়ারা ছুটিয়েছেন এই ওপেনার। তার অপরাজিত ১৪২ রান আর অ্যালেক্স ক্যারির ফিফটিতে ইংল্যান্ডকে বড় লক্ষ দিতে যাচ্ছে অজিরা।
অ্যাশেজের তৃতীয় এই টেস্টে অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে প্রথম ইনিংসে ২৮৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৭১ রান তুলে তৃতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। তাতে লিড দাঁড়িয়েছে ৩৫৬ রানের।
আজ ক্যারিয়ারের একাদশতম টেস্ট সেঞ্চুরি করলেন হেড। ১৪২ রানের অপরাজিত ইনিংস খেলতে তিনি খরচ করেছেন ১৯৬ বল। যেখানে ২ ছক্কার পাশাপাশি ছিল ১৩টি চারের মার। পার্থে সিরিজের প্রথম টেস্টেও রান তাড়ায় দুর্দান্ত সেঞ্চুরিতে দলকে জিতিয়েছিলেন এই বাঁহাতি ওপেনার।
নিজের ঘরের মাঠ অ্যাডিলেডে এই নিয়ে টানা চার টেস্টে সেঞ্চুরি পেলেন হেড। এক ভেন্যুতে টানা চার টেস্টে সেঞ্চুরি আছে ডন ব্রাডম্যান (মেলবোর্ন ও হেডিংলি), ওয়ালি হ্যামন্ড (সিডনি), মাইকেল ক্লার্ক (অ্যাডিলেইড) ও স্টিভেন স্মিথের (মেলবোর্ন)।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ক্যারি ৪টি চারে ৫২ রানে অপরাজিত আছেন। অ্যাশেজের একই ম্যাচে সেঞ্চুরি ও ফিফটি করা প্রথম কিপার-ব্যাটার এই ক্যারি।
অন্যদিকে, আগের দিনের ৮ উইকেটে ২১৩ রান নিয়ে খেলতে নামা ইংল্যান্ড আজ ভালোই ব্যাট করেছে। ৪৫ রানে ব্যাটিংয়ে নামা বেন স্টোকস এদিন ৮টি চারে ১৯৮ বলে ৮৩ রান করেন। ৫১ রান করে আউট হন জফরা আর্চার।
Leave a Reply