চলতি ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৫০ কোটি ৭৪ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৮ হাজার ৩০ কোটি টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি ডিসেম্বরের প্রথম ১৩ দিনে দেশে ১৫০ কোটি ৭৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৪ কোটি ৯৫ লাখ ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১৫ কোটি ৭৬ লাখ ডলার।
এছাড়া ডিসেম্বরের প্রথম ১৩ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৯ কোটি ৭০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। আর এই সময়ে বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ৩২ লাখ ডলার।
এদিকে ডিসেম্বরের প্রথম ১৩ দিনেও ১০টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি। এই ব্যাংকগুলো হলো- রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং বেসরকারি খাতের সিটিজেনস ব্যাংক পিএলসি, পদ্মা ব্যাংক পিএলসি ও আইসিবি ইসলামী ব্যাংক।
এছাড়াও এই সময়ে বিদেশি খাতের ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও উরি ব্যাংকের মাধ্যমেও দেশে কোনো রেমিট্যান্স পাঠায়নি প্রবাসীরা।
এর আগে বিদায়ী নভেম্বরে দেশে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *