দ্য গোট ইন্ডিয়া ট্যুরে’র অংশ হিসেবে শনিবার (১৩ ডিসেম্বর) ভোরে কলকাতায় পৌঁছেছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। ব্যক্তিগত গালফস্ট্রিম–ভি উড়োজাহাজে ভারতে অবতরণ করেন তিনি। কড়া নিরাপত্তার কারণে বিমানবন্দরে অপেক্ষায় থাকা শত শত সমর্থকের চোখ এড়িয়ে ভোর সাড়ে ৩টার দিকে তাকে দ্রুত হোটেলে নিয়ে যাওয়া হয়।
কলকাতায় নামার পর বিমানবন্দরের পেছনের একটি গেট দিয়ে মেসিকে সরিয়ে নেওয়া হয়। কালো স্যুটের ভেতরে সাদা টি-শার্ট পরা তাকে কয়েকজন ভাগ্যবান বিমানবন্দরকর্মীই অল্প সময়ের জন্য দেখতে পেরেছেন। এরপর মেসিকে সরাসরি রানওয়ে থেকেই গাড়িতে করে হোটেলের উদ্দেশে নিয়ে যাওয়া হয়।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মেসিকে নিয়ে যাওয়া হয়েছে হায়াত রিজেন্সি হোটেলে। সেখানে ৭৩০ নম্বর কক্ষে উঠেছেন বলে জানা গেছে। তার নিরাপত্তা নিশ্চিত করতে পুরো সপ্তম তলা সিল করে দেয়া হয়েছে।
মেসি ঠিক কোন কক্ষে অবস্থান করছেন, তার নির্দিষ্ট ভাড়া জানা না গেলেও হোটেলের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ১৩ ডিসেম্বর প্রেসিডেনশিয়াল বুকিংয়ের জন্য পাওয়া যায়নি। ১৪ ডিসেম্বর ওই স্যুটের এক রাতের ভাড়া দেখানো হয়েছে ১ লাখ ৪২ হাজার ৫০০ রুপি। ডিপ্লোম্যাটিক স্যুটের ভাড়া প্রায় ১ লাখ ১২ হাজার ৫০০ রুপি, রিজেন্সি এক্সিকিউটিভ স্যুটের ভাড়া প্রায় ৫১ হাজার রুপি এবং রিজেন্সি স্যুট কিং-এর ভাড়া প্রায় ৩৮ হাজার রুপি। এসব তথ্য অনুযায়ী ধারণা করা হচ্ছে, মেসি এই বিলাসবহুল স্যুটগুলোর যেকোনো একটিতে অবস্থান করছেন।
কড়া নিরাপত্তার মধ্যেও মেসির কাছাকাছি থাকার আশায় অনেক সমর্থক হোটেলেই কক্ষ বুক করেছেন। কলকাতা থেকে হায়দরাবাদে যাওয়ার কথা আছে মেসির। এরপর মুম্বাই হয়ে দিল্লি দিয়ে শেষ হবে এই ট্যুর।
Leave a Reply