যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর সিদ্ধান্তের আগে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। তবে রুপার ঝড়ো উত্থান অব্যাহত রয়েছে, যা দিনের শুরুতেই নতুন রেকর্ড স্পর্শ করেছে।
বুধবার (১০ ডিসেম্বর) স্পট স্বর্ণের দাম ০.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ১৯৩.৬০ ডলারে নেমে আসে। একই সময়ে ফেব্রুয়ারির ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.৩ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ২২১.৬০ ডলারে।
এদিকে রুপার বাজারে ভিন্ন চিত্র। স্পট রুপার দাম ০.৭ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৬১.১১ ডলারে উঠে। দিনের শুরুতে এটি সর্বকালের সেরা ৬১.৬১ ডলার ছুঁয়ে আসে। শিল্পখাতে চাহিদা বৃদ্ধি, কমতে থাকা মজুত এবং যুক্তরাষ্ট্রের ‘গুরুত্বপূর্ণ খনিজ’ তালিকায় যোগ হওয়ায় এ বছর এখন পর্যন্ত রুপার দাম বেড়েছে ১১২ শতাংশ।
জুলিয়াস বেয়ারের বিশ্লেষক কারস্টেন মেনকে বলেন, রুপা ৬০ ডলারের ওপরে ওঠার পর বাজারে স্বল্পমেয়াদি জল্পনাকারীদের প্রবেশ বেড়েছে। রুপার বাজারে সরবরাহ সংকটের ইঙ্গিতও মিলছে।
এদিন ফেডারেল ওপেন মার্কেট কমিটির (এফওএমসি) দুই দিনের বৈঠক শেষ হওয়ার কথা। বাংলাদেশ সময় রাতের দিকে সুদহার কমানোর ঘোষণা আসতে পারে। বাজার ২৫ বেসিস পয়েন্ট কমানোর ৮৮ শতাংশ সম্ভাবনা দেখছে।
উইজডমট্রির কমোডিটি স্ট্র্যাটেজিস্ট নিতেশ শাহ বলেন, ফেডের দিকনির্দেশনাই এখন স্বর্ণের প্রধান চালক। শুধু সুদ কমানো নয়, ভবিষ্যৎ বার্তাই বাজারকে নড়াচড়া করাবে। এদিকে মার্কিন ১০ বছরের ট্রেজারি ইল্ড তিন মাসের মধ্যে সর্বোচ্চে উঠেছে, যা স্বর্ণের ওপর চাপ বাড়াচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিনিয়োগকারীদের স্বর্ণধারণ ততটা বাড়েনি, বিপরীতে রুপার চাহিদা শক্ত অবস্থানে রয়েছে।
হোয়াইট হাউজের অর্থনৈতিক উপদেষ্টা এবং সম্ভাব্য নতুন ফেড চেয়ারম্যান কেভিন হ্যাসেট জানিয়েছেন, সুদ কমানোর আরও সুযোগ আছে, তবে মুদ্রাস্ফীতি বাড়লে পরিস্থিতি পাল্টাতে পারে।
আরবিসি ক্যাপিটাল মার্কেট স্বর্ণের দীর্ঘমেয়াদি মূল্য পূর্বাভাস বাড়িয়ে ২০২৬ সালে আউন্সপ্রতি ৪ হাজার ৬০০ ডলার এবং ২০২৭ সালে ৫ হাজার ১০০ ডলার নির্ধারণ করেছে।
অন্যদিকে প্লাটিনামের দাম ১.৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬২.৩৩ ডলারে, আর প্যালাডিয়ামের দাম ০.৭ শতাংশ কমে নেমেছে ১ হাজার ৪৯৫.৮৮ ডলারে।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা।