বিশ্বের ধনী ব্যক্তিদের সর্বশেষ তালিকায় অবিশ্বাস্য রকমের উত্থান দেখালেন গুগলের রহস্যময় সহ–প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ। জীবনে প্রথমবারের মতো তিনি উঠে এসেছেন বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ধনীর স্থানে। ১ ডিসেম্বর পর্যন্ত করা এই হিসাব অনুযায়ী ফোর্বস সাময়িকী জানায়, ৫২ বছর বয়সী পেইজের সম্পদ এখন দাঁড়িয়েছে ২৬২ বিলিয়ন ডলার, যা মাত্র এক মাসে বেড়েছে ৩০ বিলিয়ন ডলার। অ্যালফাবেটের এআই-বুমের প্রভাবেই এমন অবিশ্বাস্য উত্থান হয়েছে তার।
এর ফলে তিনি সরিয়ে দিয়েছেন ওরাকলের সহ–প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনকে, যিনি দীর্ঘদিন ধরে দ্বিতীয় অবস্থানে ছিলেন। পেইজের এই উত্থানকে বিশ্লেষকেরা বলছেন-‘এআই বাজারে গুগলের নবজাগরণের সরাসরি প্রতিচ্ছবি।’
অন্যদিকে, বড় ধরনের ব্যবধান নিয়ে শীর্ষে এখনও রাজত্ব করছেন ৫৪ বছর বয়সী ইলন মাস্ক। টেসলা, স্পেসএক্স এবং তার নতুন এআই কোম্পানি এক্সএআই–এর বিপুল মূল্যায়নের সৌজন্যে মাস্কের সম্পদ দাঁড়িয়েছে ৪৮৩ বিলিয়ন ডলার, যদিও সাম্প্রতিক হিসাব অনুযায়ী ১৫ বিলিয়ন ডলার কমেছে তার সম্পদ। তবুও তিনি ২০২৪ সালের মে থেকে বিশ্বের সর্বোচ্চ ধনীর অবস্থান ধরে রেখেছেন
এই তালিকায় প্রযুক্তি খাতের প্রভাব স্পষ্ট। শীর্ষ ১০ জনের সবাই পুরুষ এবং সবারই সম্পদ ১৫২ বিলিয়ন ডলারের বেশি। বাজারের উত্থান–পতনে এই সম্পদ (নেট ওয়ার্থ) প্রতিদিনই পরিবর্তিত হলেও ডিসেম্বরের শুরুতে তাদের সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ২ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার যা গত মাস নভেম্বরের সমান।
দীর্ঘদিনের বিলিয়নিয়ার আইকন বিল গেটস এরই মধ্যে শীর্ষ ১০ থেকে ছিটকে পড়েছেন। ২০২৪ সালের অক্টোবরেই তার সম্পদ নতুন তথ্যের ভিত্তিতে পুনঃমূল্যায়ন করে ফোর্বস এই তালিকা থেকে নামটি নামিয়ে দেয়।
নীচে ডিসেম্বর ১, ২০২৫–এর হালনাগাদ শীর্ষ ১০ ধনীর সংক্ষিপ্ত বিবরণ: ইলন মাস্ক (৪৮৩ বিলিয়ন ডলার) টেসলা, স্পেসএক্স ও এক্সএআই–এর নেতৃত্বে বিশ্বসেরা ধনী।ল্যারি পেইজ (২৬২ বিলিয়ন ডলার) গুগল সহ–প্রতিষ্ঠাতা; এআই সাফল্যে রেকর্ড উত্থান।
ল্যারি এলিসন (২৫৩ বিলিয়ন ডলার) ওরাকলের আধিপত্যে দীর্ঘদিন শীর্ষে। জেফ বেজোস (২৪৫ বিলিয়ন ডলার) অ্যামাজন ও এডব্লিউএস–এর বাজার বিস্তারে সম্পদ বেড়েছে।
সের্গেই ব্রিন (২৪২ বিলিয়ন ডলার) গুগলের আরেক সহ–প্রতিষ্ঠাতা; এআইয়ের সুফল।মার্ক জাকারবার্গ (২৬৪ বিলিয়ন ডলার) মেটার এআই ও মেটাভার্স বিনিয়োগে সাফল্য।বার্নার্ড আর্নল্ট (১৪০ বিলিয়ন ডলার) এলভিএমএইচ সাম্রাজ্যের মালিক।
জেনসেন হুয়াং (১৫৮ বিলিয়ন ডলার) এনভিডিয়ার বিস্ফোরক এআই চিপ চাহিদা তাকে শীর্ষে তুলেছে।মাইকেল ডেল (১৫২ বিলিয়ন ডলার) সার্ভার ও এআই হার্ডওয়্যারে ডেলের জোয়ার। ওয়ারেন বাফেট (১৫২ বিলিয়ন ডলার) বার্কশায়ার হ্যাথাওয়ের বহুমুখী বিনিয়োগে আবারও টপ-১০ এ ফেরা। এআই দুনিয়ার উত্থান ও বাজারের অস্থিরতার মধ্যেও প্রযুক্তি টাইকুনদের দাপট যে অব্যাহত-সর্বশেষ এই তালিকাই তার স্পষ্ট প্রমাণ।