বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২২ অপরাহ্ন

বিচার বিভাগ কাগজে-কলমে স্বাধীন হয়েছে, এখন বাস্তবে স্বাধীনতা দেখতে চাই: মাহবুব উদ্দিন খোকন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৬ বার

বিচার বিভাগ কাগজে-কলমে স্বাধীন হয়েছে, এখন এর বাস্তব প্রয়োগ দেখতে চান বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, স্বাধীন হওয়ার পরও যদি বিচার বিভাগ প্রভাবিত হয়, স্বেচ্ছাচারী হয়ে ওঠে এই আশঙ্কা আছে। সরকারের তো কোনও নিয়ন্ত্রণ নেই। এ ক্ষেত্রে সচিবালয়ের মাধ্যমে বিচার বিভাগের ওপর নিয়ন্ত্রণ রাখা সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন আছে। তবে আমি বিশ্বাস করি, এটি সম্ভব হবে। এজন্য যোগ্য বিচারক নিয়োগ দিতে হবে।
তিনি আরও বলেন, বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর এখন বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে এটাই আমাদের প্রত্যাশা।
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫ জারি হওয়াকে বাংলাদেশের বিচার বিভাগের জন্য একটি মাইলফলক ও ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে তিনি বলেন, বিচারক নিয়োগের নীতিমালায় বিচারকদের প্রতিনিধি থাকলেও আইনজীবীদের প্রতিনিধি রাখা হয়নি এটি বৈষম্যমূলক। তবে ভবিষ্যতে তা অন্তর্ভুক্ত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আইনজীবী সমিতির সভাপতি আরও বলেন, প্রধান বিচারপতির অধীনে বিচার বিভাগ থাকা বিচার বিভাগের ইতিহাসে একটি মাইলফলক। সুপ্রিম কোর্ট তথা বিচার বিভাগ শক্তিশালী হলে আইন পেশার সম্মান বাড়বে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতার দাবি পূরণ হয়েছে। এখন দেশের মানুষ বাস্তবে দেখতে চায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান মিলন, সিনিয়র সহসভাপতি হুমায়ুন কবির মঞ্জু, সভাপতি সরকার তাহমিনা বেগম সন্ধ্যা, সহসম্পাদক মোহাম্মদ আবদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories