সবশেষ সমন্বয়ে দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের বাজারে মূল্যবান এই ধাতু বিক্রি হচ্ছে। সবশেষ গত ১ ডিসেম্বর রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সমন্বয়ের তিন দিনের মাথায় ফের স্বর্ণের দাম বাড়িয়ে নতুন রেকর্ড তৈরি হলো দেশের খুচরা বাজারে।
সোমবার (১ ডিসেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে এটি কার্যকর হবে।
২২ ক্যারেটের ভরিতে দাম ২ লাখ ১২ হাজার টাকা ছাড়াল
নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট প্রতি ভরির (১১.৬৬৪ গ্রাম) নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটে প্রতি ভরির নতুন দাম ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা, সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।
এই হিসাবে মাত্র তিন দিন আগে নির্ধারিত দামের তুলনায় ২২ ক্যারেটের ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যোগ করতে হবে। এছাড়া বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির অঙ্ক ভিন্ন হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এদিকে স্বর্ণের দাম বাড়লেও রূপার বাজারে কোনো পরিবর্তন নেই। বিদ্যমান দামে রূপা বিক্রি হচ্ছে। ২২ ক্যারেটের প্রতি ভরির দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরির দাম ৩ হাজার ৪৭৬ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরির দামা ২ হাজার ৬০১ টাকা।
এর আগে গত ২৯ নভেম্বর বাজুস ভরিতে ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে স্বর্ণের দাম বাড়িয়ে ২২ ক্যারেটের দাম ২ লাখ ১০ হাজার ৫৭০ টাকা নির্ধারণ করেছিল, যা কার্যকর হয়েছিল ৩০ নভেম্বর থেকে। সেদিনও এক লাফে ২হাজার ৪০৩ টাকা বাড়ানো হয়েছিল।
অল্প সময়ের ব্যবধানে দুই দফা মূল্যবৃদ্ধি বাজারে স্বর্ণের দরকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। আন্তর্জাতিক বাজারের অস্থিতিশীলতা এবং পিওর গোল্ডের দাম বৃদ্ধিকে এ পরিস্থিতির মূল কারণ হিসেবে দেখছে বাজুস।