রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।
গোলাম ফারুক বলেন, দুদকের প্রধান গেটের বিপরীত পাশে মোটরসাইকেল নিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা নেই। দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।
এর আগে, বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মে উসওয়াতুন রাফিয়ার বাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
এরও আগে, গত সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বাসার সামনে ককটেল বিস্ফোরণের বিষয়টি উপদেষ্টা রিজওয়ানা হাসান নিজেই নিশ্চিত করেছিলেন।
প্রসঙ্গত, জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশে লকডাউন ও শাটডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেন আদালত। রায় ঘোষণার আগের-পরের দিন রাজধানীসহ সারাদেশে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
Leave a Reply