২০২৬ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আবারও একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল। মঙ্গলবার মুম্বাইয়ে আইসিসি যে সূচি প্রকাশ করবে, সেখানে এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে।
২০২৫ এশিয়া কাপে তিনটি উত্তপ্ত ম্যাচ, এমনকি খেলোয়াড়দের হাত না মেলানো এবং পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি না নেয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর এটিই হবে দু’দলের প্রথম মুখোমুখি লড়াই।
ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, ভারত ও পাকিস্তান একই গ্রুপে আছে। অন্যরা হলো- যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া।
আগামী বছরের ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এরপর ১২ ফেব্রুয়ারি, দিল্লিতে ভারতের প্রতিপক্ষ নামিবিয়া, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় পাকিস্তানের সঙ্গে হাইভোল্টেজ ম্যাচ। আর ১৮ ফেব্রুয়ারি আহমেদাবাদে গ্রুপের শেষ ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে।
৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে ভারত ও শ্রীলঙ্কা। পাকিস্তান পুরো টুর্নামেন্টে খেলবে কলম্বো বা ক্যান্ডিতে। ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপের মতো এবারও টুর্নামেন্টে অংশ নিচ্ছে ২০ দল।
দলগুলো থাকবে চারটি গ্রুপে, প্রতি গ্রুপে পাঁচ দল। প্রতিটি গ্রুপ থেকে দুই দল উঠবে সুপার এইটে। সুপার এইট থেকে চার দল খেলবে সেমিফাইনালে, এরপর ফাইনাল।
ভারত যদি সুপার এইটে ওঠে, তাদের ম্যাচগুলো হবে আহমেদাবাদ, চেন্নাই ও কলকাতায়। সেমিফাইনাল অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। আর ফাইনালের ভেন্যু নির্ধারণ করা হয়েছে আহমেদাবাদ।
তবে পাকিস্তান ফাইনালে উঠলে নিরাপত্তাজনিত কারণে সেটি কলম্বোতে সরিয়ে নেয়ার সম্ভাবনা রয়েছে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২০ দল হলো- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, কানাডা, ইতালি, নেদারল্যান্ডস, নামিবিয়া, জিম্বাবুয়ে, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাত।
২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা জিতেছিল ভারত। ফলে ২০২৬ বিশ্বকাপে তারা অংশ নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে।
Leave a Reply