মিরপুরে ক্যারিয়ারের শততম টেস্টে খেলতে নেমেই সেঞ্চুরির দেখা পান মুশফিকুর রহিম। এই অভিজ্ঞ ব্যাটারের পাশাপাশি সেঞ্চুরি হাঁকিয়েছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাস। দুজনের জোড়া সেঞ্চুরির পর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬ রানে অলআউট হয়ে গেছে স্বাগতিকরা।
এ যাত্রায় ইতিহাসে মাত্র তৃতীয় দেশ হিসেবে টেস্টের একই ইনিংসে ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ উইকেটে ১০০ রানের জুটি গড়ে বাংলাদেশ। মুশফিক-মুমিনুলের চতুর্থ উইকেট জুটিতে ১০৭, মুশফিক-লিটনের পঞ্চম উইকেটে ১০৮ এবং লিটন-মিরাজের ষষ্ঠ উইকেট জুটিতে ১২৩ রান পায় বাংলাদেশ। এর আগে কেবল ভারত এবং পাকিস্তান একই কীর্তি গড়েছিল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। সকালে দ্বিতীয় ওভারেই আইরিশ পেসার জর্ডান নেইলের বল লেগ স্টাম্পে ঠেলে সেঞ্চুরি তুলে নেন মুশফিক। তবে ক্যারিয়ারের ১৩তম টেস্ট সেঞ্চুরির পরেই ২১৪ বলে ১০৬ রানে বিদায় নেন বাংলাদেশের সফলতম এই ব্যাটার।
এরপর মেহেদি হাসান মিরাজকে নিয়ে ১২৩ রানের জুটি গড়েন লিটন দাস। এর মধ্যে ১৫৮ বলে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন লিটন। শেষ পর্যন্ত ১৯২ বলে ৮ চার ও ৪ ছক্কায় ১২৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। তার আগে বিদায় নেয়া মিরাজ থামেন ফিফটির আগেই। ১০৭ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৭ রান করেন এই স্পিনিং অলরাউন্ডার।
শেষ দিকে ক্যামিও খেলেছেন এবাদত হোসেন। ৩ চার ও ১ ছক্কায় ১৮ রান করে তিনি অপরাজিত ছিলেন। বাংলাদেশ অলআউট হয় ৪৭৬ রানে। আইরিশদের পক্ষে সর্বোচ্চ ৬ উইকেট শিকার করেছেন অভিজ্ঞ স্পিনার ম্যাকব্রাইন। এ ছাড়া ম্যাথু হাম্প্রিস ও গ্যাভিন হোয়ে ২টি করে উইকেট নিয়েছেন।
Leave a Reply