মুশফিকুর রহিমের ঐতিহাসিক শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের টপ অর্ডারে দ্রুত ধস নামালেন আয়ারল্যান্ডের স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন। ভালো শুরুর পর সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয় এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তিনজনকেই ফিরিয়ে দিয়ে আয়ারল্যান্ডকে চালকের আসনে বসিয়েছেন তিনি।
শুরুতে দুই ওপেনার সাদমান ও জয় মিলে ৫২ রানের ভালো জুটি গড়েন। তবে পানি পানের বিরতির ঠিক আগের ওভারে সাদমান ইসলামকে (৩৫) এলবিডব্লিউর ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন ম্যাকব্রাইন। রিভিউ নিয়ে সফল হয় সফরকারীরা।
এরপর উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয়। আইরিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের চাপে অধৈর্য হয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে ম্যাকব্রাইনের বলে মিড অফে ধরা পড়েন তিনি। ৮৬ বলের ধৈর্যশীল ইনিংসে ২ চারে ৩৪ রান করে সাজঘরে ফেরেন জয়।
জয়ের বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ক্রিজে এসেই ম্যাকব্রাইনকে ছক্কা হাঁকালেও পরের বলেই তিনি বোল্ড হয়ে যান। শান্ত করেন মাত্র ৮ রান। দলের প্রথম তিনটি উইকেটই তুলে নেন অ্যান্ডি ম্যাকব্রাইন। সবমিলিয়ে মিরপুর টেস্টের প্রথম দিনে প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে ১০০ রান তুলেছে বাংলাদেশ দল। ১৭ রান নিয়ে অপরাজিত আছেন মুমিনুল। ৩ রানে অপরাজিত মুশফিক।
এর আগে, মুশফিকুর রহিমের শততম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ একাদশে নাহিদ রানা ও হাসান মাহমুদের জায়গায় ফিরেছেন ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ। অন্যদিকে, আয়ারল্যান্ড একাদশেও দুটি পরিবর্তন এসেছে এবং তারা কোনো বিশেষজ্ঞ পেসার ছাড়াই মাঠে নেমেছে।
Leave a Reply