শীতে প্রায় সবারই ঠান্ডা লাগা ও গলা ব্যথার ভয় থাকে। ঠান্ডা লাগলে বা গলা ব্যথা হলে অসহ্য লাগে। এ অবস্থায় পরিত্রাণ পেতে কিছুক্ষণ পরপর গরম পানি পান করা হয়। কেউ কেউ আবার স্বাস্থ্য কমাতে এবং ডিটক্সিফিকেশনের জন্যও নিয়মিত গরম পানি পান করেন।
সাধারণত, গরম পানি পান করাকে হজম প্রক্রিয়ার জন্য উপকারী মনে করা হয়। এ ক্ষেত্রে অনেকেরই প্রশ্ন থাকে―শীতে অতিরিক্ত গরম পানি পান করা হলে কি হজমের সমস্যা হয়? এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। তাহলে বিষয়টি সম্পর্কে জেনে নেয়া যাক।
গরম পানি ও হজমের প্রক্রিয়া: উপকারিতা
হজমের উদ্দীপক: গরম পানি খাদ্যনালীকে উদ্দীপিত করে এবং অন্ত্রের পেশীগুলোকে শিথিল করতে সহায়তা করে। এতে হজম প্রক্রিয়া স্বল্প সময়ে হয় এবং খাবারও সহজে নিচে নামতে পারে।
ডিটক্সিফিকেশন: গরম পানি পান করলে শরীরের তাপমাত্রা কিছুটা বাড়ে, যা রক্ত সঞ্চালন উন্নত করে এবং শরীর থেকে টক্সিন বা বিষাক্ত পদার্থ নিঃসরণ করতে সহায়তা করে।
কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ: পর্যাপ্ত পরিমাণ গরম পানি পান করা হলে অন্ত্রের গতি বাড়ে এবং এটি খাবারকে নরম রাখতে ভূমিকা পালন করে। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা ক্রমশ দূর হয়।
গরম পানি পানের সম্ভাব্য সমস্যা:
গরম পানির ক্ষেত্রে সমস্যা মূলত নির্ভর করে পানির তাপমাত্রার ওপর। পানি অস্বাভাবিক গরম হলে হজম প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলার সম্ভাবনা থাকে।
খাদ্যনালীর ক্ষতি: বেশি গরম পানি পান করা হলে খাদ্যনালী এবং মুখের সংবেদনশীল টিস্যুগুলোর ক্ষতির সম্ভাবনা থাকে। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে অনেক সময় খাদ্যনালীর প্রদাহ বা বার্নেরও কারণ হতে পারে।
স্বাভাবিক হজমের এনজাইম ব্যাহত: বেশি তাপমাত্রা পেটের ভেতরের স্বাভাবিক তাপমাত্রা ও এনজাইমগুলোর কার্যকারিতা সাময়িকভাবে ব্যাহত করার আশঙ্কা থাকে। হজমের এনজাইমগুলো নির্দিষ্ট তাপমাত্রায় অত্যধিক ভালো কাজ করে থাকে।
ডিহাইড্রেশন (বিরল): অনেক সময় গরম পানি হাইড্রেট করে, যদিও অতিরিক্ত গরম পানীয় শরীরের তাপমাত্রা অনিয়ন্ত্রিতভাবে বাড়ালে কিছু ক্ষেত্রে ডিহাইড্রেশনের সমস্যা হওয়ার ঝুঁকি থাকে।
পরামর্শ: শীতে পরিমিত উষ্ণ পানি পান করা হজমের জন্য উপকারী এবং এটি সমস্যা করে না। তবে, পানি যদি অসহনীয় বা এতটা গরম হয় যে, তাতে মুখ বা গলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তা ক্ষতিকর। হজমের সমস্যা এড়াতে অতিরিক্ত গরম পানি পান করা বাদ দিন এবং আরামদায়ক উষ্ণ পানি পানের অভ্যাস করুন।
Leave a Reply