বিশ্ববাজারে সোমবার (১৭ নভেম্বর) স্বর্ণের দাম কমেছে। শক্তিশালী মার্কিন ডলারের চাপ এবং এই সপ্তাহে প্রকাশিতব্য একাধিক গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ডেটাকে ঘিরে বিনিয়োগকারীদের সতর্ক মনোভাব যেন বাজারে প্রভাব ফেলেছে। খবর রয়টার্স
স্পট গোল্ড ০.৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৬২.৯৬ ডলারে নেমেছে। ডিসেম্বর ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৭ শতাংশ হারিয়ে আউন্সপ্রতি ৪ হাজার ৬৪.৫০ ডলারে লেনদেন হয়।
টানা দ্বিতীয় দিনের মতো ডলার সূচকের উত্থান অন্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণকে কম আকর্ষণীয় করে তুলেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, আগামী মাসে ফেড সুদ না কমানোর সম্ভাবনা বাড়ায় স্বর্ণের চাহিদা চাপের মুখে পড়েছে। ফেড কর্মকর্তাদের কড়াকড়ি মন্তব্যও বাজারকে দমিয়ে রাখছে।
এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের নন-ফার্ম পেরোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ডেটা প্রকাশের কথা রয়েছে। বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির হালচাল জানতে বাজার এখন সেই ডেটার অপেক্ষায়।
ট্রেডাররা বর্তমানে আগামী মাসে ফেডের সুদ কমানোর সম্ভাবনা ৪৬ শতাংশ বলে দেখছেন, যা গত সপ্তাহে ছিল ৫০ শতাংশ। মুদ্রাস্ফীতির চাপ এবং শ্রমবাজারের স্থিতিশীলতা দেখে অনেক ফেড নীতিনির্ধারক এখনই আরও সুদ কমানোর পক্ষে নন।
বিশ্বের সর্ববৃহৎ স্বর্ণভিত্তিক ইটিএফ এসপিডিআর গোল্ড ট্রাস্ট জানিয়েছে, একদিনে তাদের স্বর্ণ মজুদ ১ হাজার ৪৮.৯৩ টন থেকে কমে ১ হাজার ৪৪ মেট্রিক টনে দাঁড়িয়েছে।
অন্যদিকে রুপার দাম ০.৫ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫০.৮১ ডলার হয়েছে। প্লাটিনাম ১ হাজার ৫৪৮.৩৭ ডলার এবং প্যালাডিয়াম ১ হাজার ৩৯৪ ডলারে লেনদেন হয়েছে।
দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।