দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ঘাড়ে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ভারতীয় টেস্ট অধিনায়ক শুভমান গিল হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। যদিও তার মাঠে ফেরার বিষয়ে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। তবে দ্রুতই তিনি দলের অনুশীলনে ফিরতে প্রস্তুত নন।
কলকাতার ইডেন গার্ডেনসে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ঘাড়ে অস্বস্তি অনুভব করেন গিল। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হাসপাতালে তাকে কিছু সময়ের জন্য আইসিইউতে রাখা হলেও গুরুতর কোনো শঙ্কা নেই। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনই তিনি মাঠে ফিরতে পারছেন না।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ইডেনে ভারতীয় দলের অনুশীলনে গিলের অংশ নেয়ার সম্ভাবনা কম। এমনকি ঘাড়ের সমস্যার কারণে বাণিজ্যিক বিমানে ভ্রমণ নিষেধাজ্ঞা থাকায় বুধবার দলের সঙ্গে গুয়াহাটিতেও যেতে পারবেন না তিনি।
কলকাতা টেস্টে হারের পর দ্বিতীয় ইনিংসে গিলের অনুপস্থিতি অনুভূত হওয়ার কথা স্বীকার করেছেন ভারত কোচ গৌতম গম্ভীর। গুয়াহাটিতে আগামী শনিবার (২২ নভেম্বর) শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে গিলকে পাওয়া যাবে কিনা, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি গম্ভীর।
দ্বিতীয় টেস্টে গিল খেলতে না পারলে বিকল্প হিসেবে আছেন দুই বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন ও দেবদূত পাডিক্কাল। তাদের কেউ সুযোগ পেলে ভারতের একাদশে বাঁহাতি ব্যাটারের সংখ্যা বেড়ে যাবে, যা দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার সাইমন হার্মার বা এইডেন মার্করামের জন্য বাড়তি সুবিধা দিতে পারে।
Leave a Reply