হঠাৎ করে বালিশে, চিরুনিতে বা বাথরুমের ড্রেনে বাড়তে থাকা চুলের গোছা অনেক নারীকেই দুশ্চিন্তায় ফেলে। দামি শ্যাম্পু, ট্রিটমেন্ট বা হেয়ার-অয়েল বদলানোর পরও ফল না মিললে মনে হয় সমস্যা বুঝি আরও গভীরে। কিন্তু অভিজ্ঞ ডায়াবেটোলজিস্ট ডা. ব্রিজমোহন অরোরা বলছেন, বেশিরভাগ নারীর চুল পড়া আসলে কোনও রোগ নয়, বরং শরীরের ভেতরের পরিবর্তনের লক্ষণ যা সঠিক সময়ে বোঝা এবং চিকিৎসা নিলে সহজেই প্রতিরোধ ও উল্টে দেয়া সম্ভব।
নারীদের চুল পড়ার কারণ : ডায়াবেটোলজিস্ট ডা. ব্রিজমোহন তার ২৪ বছরের অভিজ্ঞতা থেকে বলেন, পুরুষদের ক্ষেত্রে চুল পড়া অনেকটাই জেনেটিক ও ক্রমাগত বাড়তে থাকে। কিন্তু নারীদের ক্ষেত্রে চুল পড়ার পেছনে নির্দিষ্ট কারণ থাকে, আর সেই কারণ খুঁজে পেলেই সমস্যার সমাধান সহজ।ডা. অরোরা জানান, নারীদের চুল পড়ার প্রধান কারণগুলো হলো—
থাইরয়েড সমস্যা
থাইরয়েড হরমোনের ওঠানামা সরাসরি চুলের বৃদ্ধিচক্রকে ব্যাহত করে। ফলে দ্রুত চুল ঝরতে শুরু করে।
ভিটামিন ও মিনারেলের ঘাটতি
ভিটামিন বি
ভিটামিন ডি
আয়রন
জিঙ্ক
কখনো ম্যাগনেশিয়াম
এসবের ঘাটতিই নারীদের চুল পড়ার সবচেয়ে সাধারণ কারণগুলোর একটি।
অতিরিক্ত জাঙ্ক ফুড বা প্রসেসড কার্বোহাইড্রেট খেলে শরীর হরমোনাল ও মেটাবলিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ডা. অরোরা এটিকে “কার্বোহাইড্রেট টক্সিসিটি” বলে উল্লেখ করেন যা চুল ক্ষতির বড় কারণ।
স্ট্রেস ও হরমোনাল পরিবর্তন
দীর্ঘমেয়াদি মানসিক চাপ, হঠাৎ ডায়েটিং, রোগ থেকে সেরে ওঠার পরের দুর্বলতা বা হরমোনের পরিবর্তনও চুল পড়া বাড়ায়।
চুল পড়া বন্ধের সমাধান: অনেকেই চুল পড়া বন্ধ করতে বিভিন্ন পদ্ধতি মেনে চলেন যা কিছুক্ষেত্রে ক্ষতি করে। এ প্রসঙ্গে ডা. অরোরা বলেন, এলোমেলো সাপ্লিমেন্ট বা ঘরোয়া পদ্ধতিতে নয় সমস্যার মূল কারণ খুঁজুন। যে বিষয়গুলো মানতে পারেন তা হলো:
সম্পূর্ণ মেটাবলিক প্রোফাইল করানো
ভিটামিন বি, ডি, আয়রন ও জিঙ্কের লেভেল পরীক্ষা করা
চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টার্গেটেড চিকিৎসা নেয়া
তার মতে, সঠিক ডায়াগনোসিস হলে নারীদের চুল পড়া অধিকাংশ ক্ষেত্রেই প্রতিরোধযোগ্য এবং উল্টে যাওয়া সম্ভব।
চুল পড়া নারীদের আত্মবিশ্বাস নষ্ট করে, কিন্তু এর অধিকাংশ কারণই শরীরের ভেতরের ছোট-বড় পরিবর্তনের সংকেত। সেই সংকেতগুলোকে গুরুত্ব দিলে এবং সময়মতো পরীক্ষা করালে সমস্যাকে সহজেই থামানো যায়। বিশেষজ্ঞদের মতে, চুল পড়া নিয়ে আতঙ্ক নয় সচেতনতা, সঠিক পরীক্ষা ও উপযুক্ত চিকিৎসাই হলো স্থায়ী সমাধানের পথ।
Leave a Reply