অনেকেই আছেন ওজন নিয়ন্ত্রণে নানান নিয়ম মেনেও দ্রুত ফলাফল পান না। ওজন নিয়ন্ত্রণে আনা অনেকের কাছেই বড় চ্যালেঞ্জ, বিশেষ করে যারা ব্যস্ততার কারণে জিমে যাওয়া বা ব্যায়াম করার সময় পান না। ফলে ওজন কমানোর পরিকল্পনা বারবার পিছিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা বলছেন, মাত্র একটি নিয়ম মানলেই বাড়ি থেকেই ওজন নিয়ন্ত্রণে আনা সম্ভব। এ নিয়মটি এতটাই কার্যকর যে স্বল্প সময়ে জিমের থেকেও বেশি ক্যালোরি বার্ন হতে পারে। শুনতে অবাক লাগলেও বিষয়টি প্রমাণিত গবেষণাভিত্তিক। এই সহজ নিয়মটি হলো প্রতিদিন কয়েকবার সিঁড়ি দিয়ে ওঠানামা করা। চিকিৎসকদের মতে, এই অভ্যাসটাই শরীরের জন্য সবচেয়ে সাশ্রয়ী এবং দ্রুত ফলপ্রদ ব্যায়ামগুলোর মধ্যে একটি।
ইন্টারন্যাশনাল স্কাই রানিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট লরি ভ্যান হাউটেন বলেন, প্রতিদিন যদি কয়েক মিনিট সিঁড়ি দিয়ে ওঠানামা করেন, আপনি সাধারণ হাঁটার তুলনায় প্রায় ২০ গুণ বেশি ক্যালোরি খরচ করতে পারবেন। তার মতে, জিমে না গেলেও সিঁড়িতে ওঠানামার মাধ্যমে সহজেই শরীরের বাড়তি চর্বি ঝরানো যায়। বিশেষ করে যাদের দিনভর কাজের চাপে আলাদা সময় বের করা কঠিন, তাদের জন্য এটি সবচেয়ে বাস্তবোচিত সমাধান।
গবেষণা যা বলছে: মিলান বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত ফিজিওলজিস্ট ও বায়োমেকানিস্ট ড. আলবার্তো মিনিটে দীর্ঘ গবেষণায় দেখেছেন—
সমতল স্থানে সাধারণ হাঁটা প্রতি ১ মিটার ১ কেজি ওজন সরাতে ০.৫ ক্যালোরি বার্ন করে।
কিন্তু উঁচুতে বা সিঁড়ি দিয়ে ওঠার সময় একই পরিমাণ নড়াচড়ায় ২০ গুণ ক্যালোরি খরচ হয়।
অর্থাৎ, আধঘণ্টা হাঁটার তুলনায় কয়েক মিনিট সিঁড়ি ওঠানামা শরীরকে অনেক বেশি কাজে লাগায়, হৃদযন্ত্র ও পেশিকে সক্রিয় রাখে এবং দ্রুত ক্যালোরি বার্ন করে।
সিঁড়ি ব্যায়ামের আরও উপকারিতা : সিঁড়ি দিয়ে ওঠানামা শুধু ওজনই কমায় না এটি পুরো শরীরের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। যেমন—
পায়ের পেশি শক্ত হয়
হার্ট ও ফুসফুস সুস্থ থাকে
স্ট্যামিনা বাড়ে
নিম্নাঙ্গের চর্বি দ্রুত কমে
শরীরের ব্যালান্স ও স্ট্যাবিলিটি উন্নত হয়
ব্যায়ামটি ঘর বা অফিস যেখানেই সিঁড়ি থাকুক, সেখানেই সহজে করা যায়। কোনও বিশেষ পোশাক, সরঞ্জাম বা স্থান প্রয়োজন নেই।
লিফট নয়, যতটা সম্ভব সিঁড়ি ব্যবহার করুন
দিনে ৩–৫ বার, প্রতিবার ২–৪ মিনিট করে ওঠানামা করতে পারেন
শুরুতে ধীরে ধীরে সময় বাড়ান
জিমে না যেতে পারলে বাড়তি ১০ মিনিট সিঁড়ি ব্যায়াম করুন
সতর্ক থাকবেন যারা: সিঁড়ি দিয়ে ওঠানামা ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখলেও এটা সবার জন্য প্রযোজ্য নয়। বিশেষ করে যাদের হাঁটুতে ব্যথা, আর্থ্রাইটিস, হার্টের সমস্যা রয়েছে তাদের। এমনকি যাদের শ্বাসকষ্ট রয়েছে তারাও সিড়ি ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেবেন।
ওজন কমানো মানেই যে জিমে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানো, সেই ধারণা এখন আর পুরোপুরি ঠিক নয়। বিজ্ঞান বলছে, সিঁড়ি দিয়ে ওঠানামা হলো সবচেয়ে সহজ, সাশ্রয়ী এবং সময়–সাশ্রয়ী ফ্যাট বার্নিং ব্যায়ামগুলোর একটি। ব্যস্ত সময়সূচির মাঝেও দিনে কয়েক মিনিটের এই অভ্যাসই পারে আপনার ওজন কমানো, পেশি শক্ত করা এবং হার্টকে সুস্থ রাখার কাজটি করে দিতে।
Leave a Reply