দেশের বাজারে টানা ৪ দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভরিতে একলাফে দাম বাড়ানো হয়েছে ৫ হাজার ২৪৮ টাকা। এতে টানা ৪ দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম বেড়েছে মোট ১৩ হাজার ৬২৩ টাকা।
বৃহস্পতিবার ৫ হাজার ২৪৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। শুক্রবার (১৪ নভেম্বর) থেকে দেশের বাজারে নতুন এই দামে স্বর্ণ ক্রয়-বিক্রয় চলবে।
এর আগে গত ১১ নভেম্বর তৃতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। ওই সময় ভরিতে ৪ হাজার ১৮৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা।
নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা।
সবমিলিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৭৬ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। যেখানে ৫৩ বারই দাম বাড়ানো হয়েছে, আর দাম কমেছে মাত্র ২৩ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল। এছাড়া গতবছর ২৭ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *