চট্টগ্রামের খাতুনগঞ্জের পাইকারি বাজারে দুই সপ্তাহের ব্যবধানে পাঁচটি নিত্যপণ্যের দাম কমেছে। তবে এখনও খুচরা বাজারে এর প্রভাব পড়েনি। শনিবার (৮ নভেম্বর) খাতুনগঞ্জ ঘুরে দেখা গেছে, কেজিতে ৭ টাকা কমে মসুর ডাল বিক্রি হচ্ছে ৮১ টাকায়, খেসারি ডাল ১২ টাকা কমে ৭৫ টাকায় এবং চিনি ৪ টাকা কমে ৯১ টাকায়। একই সময়ে খোলা সয়াবিন তেলের লিটারপ্রতি দাম কমেছে ২ টাকা ৪৩ পয়সা এবং পাম অয়েলের দাম কমেছে ১ টাকা ৯২ পয়সা।
চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার সমিতির সাধারণ সম্পাদক ও ভোগ্যপণ্য আমদানিকারক মো. মহিউদ্দিন বলেন, চট্টগ্রাম বন্দরের বর্ধিত মাশুলের প্রভাব এখনও বাজারে পড়েনি। সরবরাহ ভালো, দামও কমতির দিকে রয়েছে। তবে মাশুল স্থগিত না হলে আগামী রমজানে বাজারে অস্থিরতা দেখা দিতে পারে।
পাইকারিতে দাম কমলেও খুচরায় এখনও আগের দামে বিক্রি হচ্ছে এসব পণ্য। দুই সপ্তাহ আগের মতোই খুচরা পর্যায়ে মসুর ডাল ১০০-১০৫ টাকা, খেসারি ১০০ টাকা, চিনি ১০৫-১১০ টাকা, খোলা সয়াবিন তেল ১৮০ টাকা ও পাম অয়েল ১৭৫ টাকায় বিক্রি হচ্ছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ বলেন, অভিযান অব্যাহত আছে। সীমিত জনবল নিয়ে আমরা আন্তরিকভাবে কাজ করছি এবং অপরাধ প্রমাণ হলে আইন প্রয়োগ করছি।
অন্যদিকে তিন সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩০ টাকা বেড়েছে। বর্তমানে পাইকারিতে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১০৫ টাকায়, আর খুচরায় ১১০ টাকায়। সরবরাহ সংকটকেই এ বৃদ্ধির কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা।
হামিদুল্লাহ মিয়া মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, ডিসেম্বরে নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসবে। এর আগে অন্তত এক মাসের জন্য হলেও আমদানির অনুমতি দেয়া উচিত।
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বলেন, বাজারে তদারকি না থাকায় ব্যবসায়ীরা নিজেদের মতো করে দাম নির্ধারণ করছেন। একবার দাম বাড়লে তা আর কমে না এভাবে চললে সাধারণ মানুষের ভোগান্তি কমবে না।
এদিকে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১৫ টাকা কমে হয়েছে ১৬৫ টাকা। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ টাকায়। গরুর মাংস কেজিতে ৭৫০-৯৫০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ টাকায়, আর ডজনপ্রতি ফার্মের ডিম ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
শীতের সবজি বাজারে আসায় দাম কমতে শুরু করেছে। রিয়াজউদ্দিন বাজারে ফুলকপি কেজিতে ৮০ টাকা, মূলা ও পেঁপে ৪০, বেগুন ৬০-৬৫, ঝিঙা ও চিচিঙ্গা ৫০-৬০, গাজর ১২০, শিম ৬০-৭০, টমেটো ৯০-১০০ এবং আলু ২০-২৫ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের মধ্যে পোয়া কেজিতে ২৫০-৩০০ টাকা, কোরাল ৭০০, বাগদা চিংড়ি ৮৫০-৯০০, রুই ও কাতলা ৩৫০-৪৫০, টেংরা ৮০০, পাবদা ৪০০-৪৫০ ও রূপচাঁদা ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে মুদি দোকানে দুই কেজি প্যাকেট ময়দা বিক্রি হচ্ছে ১৪০ টাকায় এবং দুই কেজি আটা ৯০ টাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *