দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে ভরিতে ২ হাজার ৬১৩ টাকা কমিয়ে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (৩১ অক্টোবর) থেকে এ দাম কার্যকর করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমায় স্থানীয় বাজারে নতুন দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্যানুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ৯৬ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৯০ হাজার ৯৯৮ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৬৩ হাজার ৭১৬ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম ১ লাখ ৩৬ হাজার ১৪ টাকা।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণের দামের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির অঙ্ক পরিবর্তন হতে পারে।
এর আগে গত ২৯ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে ৮ হাজার ৯০০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের এক ভরির দাম দাঁড়িয়েছিল ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। দাম কার্যকর হয়েছিল ৩০ অক্টোবর থেকে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৭২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৯ বার বৃদ্ধি এবং ২৩ বার হ্রাস করা হয়েছে। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার বাড়ানো ও ২৭ বার কমানো হয়।
এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে নতুন কোনো সমন্বয় আসেনি। ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৭৬ টাকা ও সনাতন পদ্ধতির দাম ২ হাজার ৬০১ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত ৯ বার রুপার দাম সমন্বয় হয়েছে, এর মধ্যে ৬ বার বৃদ্ধি এবং ৩ বার হ্রাস। গত বছর সমন্বয় করা হয়েছিল মাত্র ৩ বার।
Leave a Reply