জুলাই গণঅভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোসহ ৭ জনকে হত্যার অভিযোগে করা মামলায় ১৬তম দিনের সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এদিন শুরুতেই ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সানি মৃধা। গণঅভ্যুত্থান চলাকালে তার পায়ে ৫টি গুলি লেগেছিল। সাক্ষ্য দানকালে তিনি এ ঘটনায় দায়ীদের সর্বোচ্চ সাজা চান। পরে তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
এর আগে বুধবার (২৯ অক্টোবর) আলোচিত এ মামলায় ২০তম সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়। পরে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।
তারও আগে গত ২১ অক্টোবর আলোচিত এ মামলায় সাক্ষ্য দেন এএসপি এনায়েত ও শহিদ বায়োজিদ বোস্তামীর ভাই কারিমুল। পরে তাদের জেরা করে স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবী। সবমিলিয়ে আলোচিত এ মামলায় এখন পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন ২১ জন।
গত বছর ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যান ৬ জন। এরপর পুলিশ ভ্যানে তুলে তাদের মরদেহ পুড়িয়ে দেয়া হয়। সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ আলোচিত এ মামলায় মোট আসামি ১৬ জন। এরমধ্যে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার ৮ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এদিকে চট্টগ্রামের মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সকালে আসামির উপস্থিতিতে তাকে গ্রেপ্তার দেখান ট্রাইব্যুনাল।
Leave a Reply