নারীদের ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এবারও দাপুটে পারফর্ম করছে অজি মেয়েরা, একমাত্র অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই সেমিফাইনালে উঠেছে অ্যালিসা হিলির দল। তবে ভারতে চলমান এই প্রতিযোগিতার মাঝে ঘুরতে বেরিয়ে শ্লীলতাহানির শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্দোরের খাজরানা রোড অঞ্চলে ঘুরতে বেরিয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। হোটেল থেকে বেরোনোর পরই একটি বাইক তাদের অনুসরণ করতে থাকে। পাশ্ববর্তী একটা ক্যাফের দিকে যাওয়ার সময় ওই বাইকটি তাদের কাছে এসে অশ্লীলভাবে শরীর স্পর্শ করে পালিয়ে যায়।
এমন ন্যক্কারজনক ঘটনার পর দ্রুত ওই ক্রিকেটাররা হোটেলে বার্তা পাঠান। বিষয়টি দলের পক্ষ থেকে জানানোর পর এখন সেখানকার স্থানীয় পুলিশ দেখভাল করছে। দুই ক্রিকেটারের অভিযোগের পর এমআইজি থানায় ভারতীয় ন্যায় সংহিতার ৭৪ নম্বর ও ৭৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়। এই ঘটনায় আকিল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইন্দোরের ক্রাইম ব্রাঞ্চের পুলিশ কমিশনার রাজেশ দানডোটিয়া জানান, অস্ট্রেলিয়া নিরাপত্তা দলের অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্ত করে আকিল নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার নামে আগেও মামলা রয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী কৈলাশ বিজয়ভারগিয়া জানান, ‘এটি শুধুমাত্র নারী ক্রিকেটারদের সঙ্গে বাজে আচরণই নয়, একইসঙ্গে ভারতীয় ইমেজের জন্য কলঙ্কও বটে।
এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঘটনাটিকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ এবং ‘দেশের জন্য অপমানজনক’ বলে অভিহিত করেছেন বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। তিনি বলেন, ‘পুরো ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক, আমরা এর নিন্দা করি। আমরা প্রয়োজনীয় সব সতর্কতা নেব। পুলিশ অভিযুক্তকে ধরেছে।’
এদিকে বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া মধ্যপ্রদেশ পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন। তিনি বলেন, ‘এটি খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এ ধরনের ঘটনা দেশের জন্য অপমান বয়ে আনে। অপরাধীকে ধরার জন্য রাজ্য পুলিশের (মধ্যপ্রদেশ) দ্রুত পদক্ষেপের আমরা প্রশংসা করি। আইন তার প্রক্রিয়া অনুসরণ করে অপরাধীকে শাস্তি দেবে।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে সংস্থাটি বলছে, ‘এমন অনুপযুক্ত আচরণ ও বিরক্তিকর ঘটনায় আমরা ব্যথিত। এই হতাশা ও দুর্ভাগ্যজনক ঘটনায় আমরা অস্ট্রেলিয়া নারী দলের কাছে ক্ষমাপ্রার্থী।
এদিকে, শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করে ভারতে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন। এক্সে তিনি লিখেছেন, ‘লজ্জাজনক। আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে গর্ব করি, কিন্তু নারীদের নিরাপদ পরিবেশ দিতে ব্যর্থ হই। কী লজ্জার ব্যাপার।’
চলমান বিশ্বকাপে অন্তত তিনটি ম্যাচ ইন্দোরে থাকায়, সেখানে লম্বা সময় অবস্থান করতে হয়েছে অস্ট্রেলিয়া নারী দলকে। গতকাল রাতেই তারা সেখানকার হোলকার স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৯৭ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের বড় জয়ে লিগপর্ব শেষ করেছে তারা। আগামী তা৩০ অক্টোবর নাভি মুম্বাইয়ে সেমিফাইনালে তারা লড়বে ভারতের সঙ্গে।