অস্ট্রেলিয়ার মাটিতে নতুন ইতিহাস গড়লেন ভারতের ওপেনার রোহিত শর্মা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) অ্যাডিলেইডে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ডানহাতি এই ব্যাটসম্যান এমন একটি মাইলফলক স্পর্শ করেছেন, যা আগে কোনো ভারতীয় ব্যাটসম্যান অর্জন করতে পারেননি।
প্রথম ভারতীয় ও বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ায় ১,০০০-এর বেশি ওয়ানডে রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করলেন ৩৮ বছর বয়সী রোহিত। এই মাইলফলক অর্জন করতে পারেননি স্বদেশি কিংবদন্তি বিরাট কোহলি কিংবা শচীন টেন্ডুলকারের মতো ব্যাটাররাও।
এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের তৃতীয় ওভারে মিচেল স্টার্ককে চার মেরে এই অসাধারণ মাইলফলক স্পর্শ করেন রোহিত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিং করছেন তিনি। ৭৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৫৯তম ফিফটি হাঁকিয়েছেন হিটম্যান।