ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে হেরে যাওয়ায় আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে উঠে আসার সুবর্ণ সুযোগ হাতছাড়া হলো বাংলাদেশের। সিরিজ এখন ১-১ সমতায় থাকায় আগামীকাল (২৩ অক্টোবর) মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডের ফল যাই হোক না কেন, মেহেদী হাসান মিরাজদের র্যাঙ্কিংয়ের অবস্থানে আর কোনো পরিবর্তন আসছে না।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডে আগামীকাল (২৩ অক্টোবর) বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে। আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশ ১০ নম্বরে (৭৪ পয়েন্ট) এবং ওয়েস্ট ইন্ডিজ ৯ নম্বরে (৮০ পয়েন্ট) অবস্থান করছে। এই ম্যাচে বাংলাদেশ জিতলে তাদের রেটিং পয়েন্ট ৭৬ হবে এবং ওয়েস্ট ইন্ডিজের ৭৯ হবে।
একইভাবে, ওয়েস্ট ইন্ডিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমে ৭৩ হবে এবং ক্যারিবিয়ানদের বেড়ে গিয়ে ৮১ হবে। দুই ক্ষেত্রেই দুই দলের র্যাঙ্কিংয়ে অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশের লক্ষ্য হলো সেরা নয়ে থাকা। এই সময়সীমা ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেসহ ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী কমপক্ষে ২১টি ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছে।