ইরানের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা ও চিত্রনাট্যকার নাসের তাঘভাই আর নেই। তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার স্ত্রী ও অভিনেত্রী মারজিয়ে ভাফামেহর ফেসবুকে এক আবেগঘন পোস্টে স্বামীর মৃত্যুর খবরটি জানান।
ইরান ফ্রন্ট পেজের প্রতিবেদনে জানা যায়, মারজিয়ে ভাফামেহর ফেসবুকে লিখেছেন, নাসের তাঘভাই, সেই শিল্পী যিনি স্বাধীনভাবে বাঁচার কষ্টকে বেছে নিয়েছিলেন, অবশেষে মুক্তি পেয়েছেন। তিনি গাছ ভালোবাসতেন, তার স্মরণে গাছ লাগাই। তিনি আলো ভালোবাসতেন, তার আলোর সঙ্গে আমাদেরও একটি প্রদীপ যোগ করি। তিনি সাহিত্য ভালোবাসতেন, তার স্মরণে পড়ি। তিনি সিনেমা ভালোবাসতেন, তার স্মরণে দেখি।
ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর আবাদানে ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন নাসের তাঘভাই। তাকে ইরানি সিনেমার সবচেয়ে প্রভাবশালী চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়। তাঘভাই তার কালজয়ী টেলিভিশন সিরিজ ‘মাই আঙ্কেল নেপোলিয়ন’ পরিচালনার মাধ্যমে দর্শকের হৃদয়ে স্থায়ী স্থান করে নিয়েছিলেন। সিরিজটিকে আজও ইরানি দর্শকের কাছে এক কালজয়ী ক্লাসিক।
নাসের ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের আগে নির্মাণ করেন একাধিক চলচ্চিত্র, যেগুলো আজ প্রশংসিত। যার মধ্যে রয়েছে কাম ইন দ্য প্রিসেঞ্চে অব আদার, কিলার সাদেগের মতো চলচ্চিত্র। বিপ্লব পরবর্তী সময়ে ১৯৮৬ সালে তিনি নির্মাণ করেন ‘ক্যাপ্টেন খোরশিদ’, এই চলচ্চিত্রের জন্য তিনি লোকার্নো চলচ্চিত্র উৎসবে ব্রোঞ্জ লেপার্ড পুরস্কার অর্জন করেন। নাসের তাঘভাই শুধু চলচ্চিত্র নির্মাতা নন, তিনি ছিলেন ইরানি সংস্কৃতি ও সাহিত্যপ্রেমের প্রতীক। তার কর্মজীবন ইরানের চলচ্চিত্র ইতিহাসে এক অমর অধ্যায় হয়ে থাকবে।
Leave a Reply