হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের হৃদয়বিদারক হারের পর কোচ হাভিয়ের কাবরেরা এবং দলের কয়েকজন ফুটবলার তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ৯০ মিনিটের থ্রিলারে ৩-১ গোলে পিছিয়ে থেকেও সমতা ফিরিয়ে আনা দলটির শেষ মুহূর্তে ৪-৩ গোলে হেরে যাওয়াকে স্প্যানিশ কোচের একাদশ নির্বাচন, কৌশল ও অরক্ষিত রক্ষণ—সবকিছুর ব্যর্থতা হিসেবে দেখছেন দেশের সাবেক ফুটবলাররা।
জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলি মনে করেন, গুরুত্বপূর্ণ সময়ে মনোযোগ হারানোর কারণেই ম্যাচটি হাতছাড়া হয়েছে। তিনি বলেন,‘আমরা প্রথম গোল হজম করেছি প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে, আবার দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল খেয়েছি এবং একদম ম্যাচের শেষমুহূর্তে যখন ৩০ সেকেন্ড বাকি, তখন গোল খেয়েছি। সুতরাং এই জিনিসগুলি কিন্তু আমাদেরকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে, কারণ এই সময়গুলোতে আপনাকে বেশি মনোযোগী থাকতে হবে।’
কেবল শেষ গোল নয়, সাবেকদের চোখে হংকংয়ের আগের তিনটি গোল হজম করাও ছিল দৃষ্টিকটু। দেশসেরা গোলরক্ষক আমিনুল হক বলেন,‘দুর্ভাগ্যবশত হয়ত খেলোয়াড়রা সঠিক সময় জ্বলে উঠতে পারেনি। ম্যাচে আমরা কিন্তু প্রথমে এগিয়ে ছিলাম। এগিয়ে থাকার পরও আমরা সেই লিড ধরে রাখতে পারিনি বরং পেছনে গিয়েছি।
তিনি আরও যোগ করেন, গোলকিপার হিসেবে মিতুল মারমা কিছুটা হলেও স্নায়ুচাপে ছিলেন, যা এমন গুরুত্বপূর্ণ ম্যাচে খাপ খাইয়ে নিতে না পারার ফল।
চা-আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত সবখানেই এখন খলনায়ক হিসেবে দেখা হচ্ছে কোচ হাভিয়ের কাবরেরাকে। একাদশ নির্বাচন, ফরমেশন ও রক্ষণে ব্যর্থতার কৌশল—সব বিচারেই তিনি কাঠগড়ায়। এবিষয়ে এমিলি বলেন,‘আপনি যখন ৩-৩ গোলে ম্যাচ ড্র করে ফেলেছেন, কোচ দৌড়ে গিয়ে সেলিব্রেশন করছে। আপনি ম্যাচ জেতার জন্য খেলবেন। আপনি কি এক পয়েন্ট নিয়ে খুশি? আপনি খুশি হতে গিয়ে শেষ মুহূর্তে গোলটা খেয়ে গেছেন। তাই সোজাসুজি বললে, আমার কাছে মনে হয় যে কোচকে নিয়ে ভাবা উচিত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের।
কোচের পাশাপাশি দলের কয়েকজন খেলোয়াড়ের পারফরম্যান্স ও সামর্থ্য নিয়েও প্রশ্ন উঠেছে। বিশেষ করে সাদ উদ্দিন, মিতুল মারমা, সোহেল রানা এবং ফয়সাল আহমেদ ফাহিমদের মতো ফুটবলারদের ভূমিকা সমালোচিত হচ্ছে।
এশিয়ান কাপ বাছাইয়ে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে বাংলাদেশকে আগামী ১৪ অক্টোবর ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে এবং ১৮ নভেম্বর ঢাকায় ভারতের মুখোমুখি হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *