বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটিতে জায়গা পেলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং বাফুফে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য এটি এক বিশাল স্বীকৃতি। উল্লেখযোগ্য বিষয় হলো বাফুফে সভাপতি হিসেবে তাবিথ আউয়ালের জন্য এটি ফিফার কোনো কমিটিতে প্রথমবার।
বুধবার (৮ অক্টোবর) বাফুফে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নের খবর নিশ্চিত করে। তাবিথ আউয়ালকে ‘ফুটবল টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড ডিজিটাল ট্রান্সফরমেশন’ কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। অন্যদিকে, মাহফুজা আক্তার কিরণ স্থান পেয়েছেন ‘ইয়ুথ গার্লস কম্পিটিশন’ কমিটিতে। উভয় পদে এই দুই কর্মকর্তার মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত কার্যকর থাকবে।
যদিও তাবিথ আউয়াল প্রথমবার এই সুযোগ পেলেন, তবে মাহফুজা আক্তার কিরণ এর আগেও ফিফার নির্বাহী কমিটির সদস্য হিসেবে বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।